ঝালকাঠী, ফেব্র“য়ারি ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা না পেয়ে দু’হাতের রগ কেটে দেওয়ার অভিযোগে ঝালকাঠীর এক গৃহবধূ মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে।
শনিবার বিকালে রাজাপুর থানায় স্বামী আব্দুল লতিফ খানসহ শ্বশুরবাড়ির চারজনকে আসামি করে এই মামলা করেন সুফিয়া বেগম।
অভিযুক্ত লতিফ উপজেলার উত্তর তারা বুনিয়া গ্রামের জামাল খানের ছেলে। বাকি আসামিদের নাম জানা যায়নি।
রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলাটি রেকর্ড করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মামলায় সুফিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীসহ তার পরিবার সুফিয়াকে নির্যাতন করে আসছে।
গত বুধবার বিকালে লতিফ আবারো একলাখ টাকা যৌতুক দাবি করে।
কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব না হওয়ায় ধারালো দা দিয়ে সুফিয়ার দু’হাতের রগ কেটে দেওয়া হয়।
সুফিয়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৮ ঘ.
bdnews24