জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
‘শিক্ষক সমাজ’ ব্যানারে সাধারণ শিক্ষকরা এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যপন্থী শিক্ষকরা’ শনিবার আলাদাভাবে কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ তোলেন পরস্পরের বিরুদ্ধে।
এ কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা (টিউটোরিয়াল) বন্ধ থাকে।
ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার বিচারসহ সাত দফা দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে বেলা ১১টায় অমর একুশের পাদদেশ থেকে মৌন মিছিল বের করেন প্রায় শতাধিক শিক্ষক। এরপর উপাচার্য কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
শিক্ষক সমাজের আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন সমাবেশে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্যাম্পাসকে ‘মৃত্যুকূপে’ পরিণত করেছে। জুবায়ের আহমেদের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী অভিযোগ করেন, উপাচার্যপন্থীরা আসল ঘটনা ধামাচাপা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
এদিকে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল, শিক্ষা কার্যক্রম ও পঞ্চম সমাবর্তন বাধাগ্রস্ত করার প্রতিবাদে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজের ব্যানারে সকাল ১০টায় মৌন মিছিল করে প্রায় দেড় শতাধিক শিক্ষক।
পুরাতন কলাভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক জেবউননেছা এ সমাবেশে বক্তব্য রাখেন। পরে উপাচার্য বরাবরে স্মারকলিপি দেন তারা ।
এ সমাবেশে শিক্ষকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় সাত দিনের কর্মসূচিরও ঘোষণা করেন ‘উপাচার্যপন্থী’ শিক্ষকরা।
সমাবেশে জানানো হয়, ১২ ফেব্র“য়ারি যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন, ১৩ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানিয়ে আচার্য ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান, ১৪ ফেব্র“য়ারি বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়, ১৫ ফেব্র“য়ারি সাংবাদিক সম্মেলন, ১৬ ফেব্র“য়ারি সার্বিক পরিস্থিতি ও কর্মসূচি নিয়ে আলোচনা এবং ১৮ ফেব্র“য়ারি সমাবেশ ও আলোচনা সভা।
অধ্যাপক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো আন্দোলন বানচাল করার জন্য নয়, আমাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয় ও শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে। ‘শিক্ষক সমাজ’ জুবায়ের হত্যাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে।”
গত ৮ জানুয়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে মারা যান তিনি।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর এবং তার প্রশাসনকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া পদত্যাগ করতে বাধ্য হন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিরাপত্তা কর্মকর্তা মো. আজিম উদ্দিনকে।
জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে। আর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৯০৫ ঘ.
bdnews24