ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১২ মার্চ মহাসমাবেশের মাধ্যমে সরকারের প্রতি ‘অনাস্থা’ জানানো হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এ কর্মসূচিতে বাধা দিরে তার পরিণতি শুভ হবে না।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “১২ মার্চ আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দেব- তাদের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে মানে মানে আপনারা কেটে পড়ুন।’’
এ কর্মসূচিতে বাধা এলে পরিণতি শুভ হবে না উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা মহাসমাবেশে বাধা দেবেন না। সহযোগিতা করবেন।”
গত জানুয়ারিতে চট্টগ্রামে চারদলীয় জোটের এক জনসভা থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঢাকায় ১২ মার্চের এই মহাসমাবেশের ঘোষণা দেন।
বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ কর্মসূচি দিয়েছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে বলেন, আওয়ামী লীগ ওইদিন রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে তাদের ‘প্রতিরোধ’ করবে।
সরকারের মন্ত্রীদের এ ধরনের বক্তব্যের সমালোচনা করে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “তাদের বক্তব্য শুনে মনে হয়, দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ছাড়া কেউ কিছু বলতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ঢাকার মহাসমাবেশে বাধা দেওয়া হলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। জনগণ এর জবাব দেবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গত তিন বছরে দেশের বহু ক্ষতি করে ফেলেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “অর্থনীতি এখন ধ্বংসপ্রায়। দেশি-বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।”
“কীভাবে দেশকে পরনির্ভরশীল করা যায়- প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, গওহর রিজভী আর তৌফিক-ই-ইলাহী চৌধুরী সেই কাজটিই করে যাচ্ছেন”, যোগ করেন ফখরুল।
ক্ষমতাসীন দলের লোকদের ‘আত্মীয় স্বজনরা’ দেশের সম্পদ ‘লুট করে’ বিদেশে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করছেন- এমন অভিযোগ এনে এই বিএনপি নেতা বলেন, “এসব সম্পত্তি কীভাবে হলো, ভবিষ্যতে তা তদন্ত করে দেখা হবে।”
রাজধানীতে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুমি হত্যার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশে প্রতিদিন মানুষ হত্যা, খুন-জখম হচ্ছে। দিনে দিনে তার সংখ্যা বাড়ছে। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি নেই। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।’’
‘সা¤প্রতিক দেশের অর্থনৈতিক বিপর্যয়ে বিদ্যুৎখাতের ভ্রান্ত নীতি ও অব্যবস্থাপনা’ শীর্ষক এই আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন সাবেক বিদ্যুৎ সচিব প্রকৌশলী আ ন হ আখতার হোসেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ, শিক্ষক কর্মচারী ইউনিয়নের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চাষী নজরুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮২০ ঘ.
bdnews24