মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে একটি ওরসের উদ্দেশ্যে আসা ভক্তদের চাপে এবং কয়েকটি ফেরি বিকল থাকায় মাওয়া-কাওড়াকান্দি রুটের মাওয়া ফেরিঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে যানজটে আটকে আছে শত শত গাড়ি।
শুক্রবার বিকালে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিকল হয়ে গেলে যানজট আরো প্রকট হয় বলে জানান তিনি।
“ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরসে যাওয়া ভক্তদের চাপে শুক্রবার সন্ধ্যা থেকেই যানজট বাড়তে থাকে ফেরিঘাটে। শনিবার সকাল এ অবস্থা আরো প্রকট হয়”, বলেন তিনি।
এছাড়া শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও যানজট কমাতে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলোকে পার করা হচ্ছে বলে জানান সিরাজুল।
তিনি আরো জানান, ফেরি কপোতী, রায়পুরা, থোবাল ও লেন্টিং বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য ডকে পড়ে আছে।
মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে দুইটি রো রো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করে। পাঁচটি ফেরি ডকে থাকায় একটি রো রো ফেরিসহ মাত্র সাতটি ফেরি দিয়ে বর্তমানে পারাপারের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২২৫ ঘ.
bdnews24