২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দির ভাংচুর-অবরোধের ঘটনায় দুটি মামলা

হাটহাজারীতে মন্দির ভাংচুর ও অবরোধের ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ আট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। ১৪৪ ধারাও তুলে নেওয়া হয়েছে সকাল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীতে মন্দির ভাংচুর ও অবরোধের ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ আট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। ১৪৪ ধারাও তুলে নেওয়া হয়েছে সকাল থেকে। শনিবার সকালে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন। হাটহাজারী থানার ওসি সামিউল আলম জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে একটি এবং সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলার অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নন্দীর হাট এলাকায় লোকনাথ সেবাশ্রম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ভক্তরা ঢোল বাজালে একটি মসজিদের মুসল্লিরা তাদের নিষেধ করে। এক পর্যায়ে শোভাযাত্রার পেছন দিকে ঢিল ছোড়া হয়। তখন শোভাযাত্রা থেকে পাল্টা একটি ঢিল ছুড়লে তর্কাতর্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর বৃহস্পতি ও শুক্রবার হাটহাজারী উপজেলা সদর ও নন্দীরহাটে কয়েকটি মন্দির ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। হিন্দুরা বলছেন, একটি গুজবের ওপর ভিত্তি করে মন্দিরে হামলা ও ভাংচুর চালানো হয়। অন্যদিকে মসজিদে হামলার অভিযোগ তুলে এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে শুক্রবার দিনভর চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রাখে এক দল লোক। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শুক্রবার বিকেল থেকে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ওসি সামিউল শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশি টহল অব্যাহত রয়েছে। হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১১৪০ ঘ.