রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন
রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। র্যাবের গোয়েন্দাদের ধারণা এ হত্যা পরিকল্পিত, খুনিরা পূর্ব পরিচিত।
শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে কোনো এক সময় তাদের খুন করা হয়। এ ঘটনায় ওই বাসার এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ।
ওসি জানান, শনিবার সকাল ৭টার দিকে সাগর-রুনির পাঁচ বছর বয়সী ছেলে মেঘ ঘুম থেকে উঠে বাবা-মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এরপর সে টেলিফোনে বিষয়টি নানীকে (রুনির মা) জানায়।
সকালে পুলিশ আসার পর দেখা যায়, শোবার ঘরের মেঝেতে দুজনের রক্তাক্ত লাশ পড়ে আছে। সাগরের হাত পিছমোড়া করে বাঁধা। দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি জানান, ঘরের জিনিসপত্র ছিল এলোমেলো, ড্রয়ারগুলো ছিল খোলা। তবে ল্যাপটপ ও ক্যামেরার মতো দামি জিনিসপত্র ঘরেই পাওয়া গেছে। মূল্যবান কিছু খোয়া যাওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে রান্নাঘরের জানালার একটি গ্রিল কাটা দেখা গেছে।
পশ্চিম রাজাবাজারে ৫৮/এ/২ নম্বর হোল্ডিংয়ে পাঁচতলা ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন সাগর-রুনি দম্পতি। তাদের খুন হওয়ার খবরে সকালে আশেপাশের মানুষ এবং গণমাধ্যম কর্মীদের ভিড় জমে যায়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল আলম শাকিল, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশের মহা পরিদর্শক হাসান মাহামুদ খন্দকারসহ অনেকেই খবর পেয়ে ছুটে আসেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।
কয়েক বছর জার্মানির রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম ডয়চে ভ্যালে রেডিওতে কাজ করার পর গত বছরের শুরুতে দেশে ফিরে মাছরাঙায় যোগ দেন ৩৬ বছর বয়সী সাগর সরোয়ার। এর আগে সংবাদ, দৈনিক যুগান্তর ও ইত্তেফাকেও কাজ করেছেন তিনি।
স্বজনরা জানান, সাগরদের পৈত্রিক বাড়ি ঢাকার নবাবপুর রোড। চার বোন এক ভাইয়ের মধ্যে এক বোন এখন ওই বাড়িতে থাকেন।
রাজাবাজারে এই দম্পতির বাসার কাছেই আরেকটি বাসায় থাকেন রুনির বাবা-মা। এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি এর আগে সংবাদ, যুগান্তর ও চ্যানেল আইয়েও কাজ করেছেন।
এই দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
‘পরিকল্পিত হত্যা?’
পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, ওই বাড়ির নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে জানিয়েছে, সাগর শুক্রবার বাসায় ফেরেন রাত ২টার দিকে। এরপর অপরিচিত আর কাউকে সে বাসায় ঢুকতে দেখেনি।
“তবে পলাশ বলেছে, ফজরের নামাজের কিছু আগে ওই ভবনের মালিক সমিতির সভাপতি মো. নুরুন্নবী তাকে টেলিফোন করে বলেছিল, তিনি নাকি ওপরে কান্নার শব্দ শুনতে পেয়েছেন। নুরুন্নবী সাগরদের ঠিক নিচের ফ্ল্যাটেই থাকেন।”
সাগরের সহকর্মী মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক জোবায়ের আহমেদ জানান, রাত দেড়টা পর্যন্ত অফিসেই ছিলেন সাগর।
“আমারও কাল রাতে ডিউটি ছিল। একটার পরও তার সঙ্গে আমার কথা হয়েছে। সকালে এই ঘটনা শুনে আমি হতভম্ব হয়ে যাই”, বলেন জোবায়ের।
ঘটনার তদন্তে বেলা ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
উপ কমিশনার ইমাম হোসেন বলেন, “রান্নাঘরের গ্রিল কাটা থাকায় ১ ফুট ৮ ইঞ্চির মতো ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ওই জায়গা দিয়ে একটা বাচ্চা ভেতরে ঢুকতে পারবে। এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘটনা পরিকল্পিত। হত্যাকারীরা পূর্বপরিচিত বলেও আমাদের মনে হয়েছে।”
সাগর-রুনির পাশের ফ্ল্যাটের বাসিন্দা হামিদা সুলতানা জানান, রুনিদের বাসায় শুক্রবার সন্ধ্যার পর কথাবার্তার শব্দ শুনে তার ধারণা হয়েছিল- বাসায় মেহমান এসেছে। তবে ভবনের গেইটে নিরাপত্তারক্ষীদের লগবুকে শুক্রবার কোনো অতিথি আসার তথ্য পাওয়া যায়নি।
