চাঁদপুর, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উপজেলায় যৌতুকের দাবি মেটাতে না পারায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে সাদুল্যাপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মোতালেব স্ত্রী রাশিদা বেগম (৩২) নিহত হন।
এ ঘটনায় শুক্রবার মোতালেবের বিরুদ্ধে হত্যা মামলা করেন রাশিদার ভাই আব্দুল বাতেন।
মতলব উত্তর থানার ওসি রোস্তম আলী সিকদার বলেন, নির্যাতন করে স্ত্রী হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। তবে তাদের ধরার জন্য জোর চেষ্টা করা হচ্ছে।
মামলার অভিযোগ থেকে ওসি জানান, রাশিদা বেগমের বাবার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সোনাকান্দি গ্রামে। ১০ বছর আগে সাদুল্যাপুর গ্রামের আ. মোতালেবের সঙ্গে বিয়ে হয় রাশিদার। তাদের আট বছর বয়সী এক মেয়ে রয়েছে।
বিয়ের পর মোতালেব শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়ে মালয়েশিয়া যান।
এক মাস আগে তিনি বাংলাদেশে আসেন। দেশে আসার পর শ্বশুর বাড়ি থেকে ধারের টাকা পরিশোধ করবে না জানিয়ে রাশিদাকে বাপের বাড়ি থেকে আরো দুই লাখ আনতে চাপ দেন।
টাকা না আনতে পারলে রাশিদাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করা ও মেরে ফেলারও হুমকি দেন মোতালেব।
রাশিদার ভাই আ. বাতেন বলেন, “কয়েকদিন আগেও আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আমার ভাগ্নি মরিয়মের (৮) কারণে পারেনি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মোতালেব ও তার পরিবার পরিকল্পিতভাবে নির্যাতন করে রাশিদাকে হত্যা করেছে।”
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৩ ঘ.
bdnews24