ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, পৃথিবীতে শুধু বাংলাদেশেই এ রকমটি ঘটেছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই যারা নিজেদের ইতিহাসকে বিকৃত করেছে। ইতিহাসে আমরাই একমাত্র জাতি যারা এই ঘৃণ্য কাজটি করেছি।”
গত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি ইঙ্গিত করে মুক্তিবাহিনীর উপ অধিনায়ক খন্দকার বলেন, “এ সময়ে স্কুল কলেজে মুক্তিযুদ্ধের যে বইগুলো পড়ানো হতো তাতে ইাতহাসকে বিকৃত করা হয়েছিল।”
অবশ্য বর্তমানে তা অনেকটাই সঠিক পথে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “ইতিহাসকে বিকৃত করে রাখার ক্ষমতা কারো নেই। মানুষের সামনে তা একদিন সঠিকভাবে প্রকাশিত হবেই।”
‘বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট’ শিরোনামের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান এ কে খন্দকার বীর উত্তম।
তিনি বলেন, “ইন্দিরা গান্ধী নিজের উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন।”
মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশিদের সম্মাননা প্রদানে সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
“এর মাধ্যমে আমারা তাদের প্রতি সম্মান দেখানোর সুযোগ পাবো,” বলেন খন্দকার।
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক এই গ্রন্থ সম্পাদনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেক্টর কমান্ডার সি আর দত্ত, নিম চন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩০০ ঘ.
bdnews24