২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুতের পাশাপাশি কাটতি ডোরেমনের বইয়েরও

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বইমেলায় শিশুদের উপস্থিতি ছিল বেশ। নানা স্টলে ভুতের, ডোরেমনের বই খুঁজতে দেখা গেছে তাদের। আশিক হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “ছড়ার বই কিনেছি, এখন ভুতের বই কিনব”- বইমেলার উপচে পড়া ভিড় ঠেলে পছন্দের বই কিনতে পেরে খুশিতে ঝলমলে চেহারা নিয়ে বলল ক্ষুদে পাঠক আবির আহমেদ। শুক্রবার অমর একুশে বইমেলার দশম দিন সকাল থেকেই শিশুদের উপস্থিতি ছিল বেশ। ছুটির দিন হওয়ায় বাবা-মা সন্তানের বই কেনার আবদার মেটাতে চলে আসেন মেলায়। “ছুটির দিন দেখে বাচ্চাকে নিয়ে এলাম। কিন্তু এত বেশি ভিড় যে কোথাও ভালোভাবে বই দেখতে পারছি না,” বলেন আবিরের বাবা মুস্তফা জামান। ক্ষুদে পাঠকরা এদিন ছড়া, ভুতসহ বিভিন্ন মজার বই কেনার জন্য এ স্টল থেকে ও স্টলে ঘুরে বেড়িয়েছে। মেলায় নজরুল মঞ্চের পাশে সারিবদ্ধভাবে রয়েছে ক্ষুদে পাঠকদের অনেকগুলি বইয়ের দোকান। এখানে কথা হয় আনদালিভ মীমের সঙ্গে। পছন্দের জাপানি কার্টুন চরিত্র ডোরেমন পেয়ে ভীষণ খুশি মীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “আমার পছন্দ ডোরেমন, আমি ডোরেমনের দুটো বই কিনেছি।” ক্ষুদে পাঠক ফারিহা মেহেজাবিনের চোখে-মুখে আনন্দ, কারণ প্রিয় রাজকন্যার বই কেনা হয়ে গেছে তার। স্টলের বিক্রেতার কাছ থেকে ডাইনোসরের বই নিচ্ছিল ক্ষুদে পাঠক তন্বী তারেক। তার আগে নেওয়া চারটি গল্পের বই হাতে ছিল তার। ক্রেতা সামলাতে সামলাতে শিশুতোষ বইয়ের প্রকাশনা সংস্থা হটিট্টির বিক্রেতা ঈন্দ্রো কিশোর রায় বলেন, “মেলায় আজ ছোটদের ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে প্রচুর ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বিকেলের পরে দম ফেলারও সুযোগ হয়নি।” শিশু একাডেমীর প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক মো. কামাল হোসেন বলেন, “ক্রেতা ভালোই আসছে। বিক্রিও অনেক ভালো।” ইছামতি প্রকাশনীর মালিক মো. রাশিদুল রহমান বলেন, “আমরা বরাবরই শিশুদের পছন্দকে প্রাধান্য দিয়ে বই প্রকাশের চেষ্ট করি। আমরা দেশি লেখকদের লেখা প্রকাশ করি, যাতে শিশুরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।” “মূলত আজ ছোটরা বই কিনছে বেশি,” বলেন মিজান পাবলিশার্সের মালিক মিজানুর রহমান। দীর্ঘ লাইন সকাল থেকেই মেলা চত্বর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিলো। বইমেলা ঢোকার ফটকে সারিবদ্ধভাবে ঢুকতে দেখা যায় দর্শনার্থীদের। সন্ধ্যার পরে এ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়িয়ে যায়। প্রকাশনা সংস্থা মওলা ব্রাদার্সের আহমেদ মাহবুবুল হক বলেন, “সকাল থেকেই প্রচুর মানুষ আসছেন বই দেখতে। বিক্রিতেও সন্তুষ্ট আমরা।” ইত্যাদি প্রকাশের আদিত্য অন্তর বলেন, “বিকালের পর থেকে দর্শনার্থীদের ভিড় বেড়েছে খুব। ক্রেতাদের সাড়াও ভালো।” মাহমুদুল হক নামের এক দর্শনার্থী বলেন, “অন্যদিন সময় পাই না। তাই আজ আসলাম। কিন্তু এতো ভিড় যে কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মিলনমেলা বইমেলার পরিসর শুধু বই দেখা, কেনা ও বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই- তা পরিণত হয়েছে সর্বস্তরের মানুষের মিলনমেলায়। বই কেনার পাশাপাশি অনেককে দেখা যায় প্রিয়জনের সঙ্গে গল্প করতে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। মেলার অন্যান্য স্থানের চেয়ে ‘লিটিল ম্যাগ চত্বরে’ একটু বসার, দাঁড়ানোর বা কথা বলার সুযোগ থাকায় সেখানেই দেখা যায় গল্পরত অনেককে। চত্বরের কড়ই গাছ তলায় অস্থায়ীভাবে বসার জায়গায় কথা হয় ব্যাংক কর্মকর্তা শাহীনুর রহমানের সঙ্গে। তিনি বলেন, “সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলি শেষে এখানে এসে পুরনো অনেক বন্ধুর সঙ্গে কথা হলো। হারিয়ে যাওয়া অনেক স্মৃতি ফিরে এলো। বেশ ভালো লাগছে।” এখানেই ছিলেন নীলাদ্রী সাহা। “বছরের এ সময়টাতেই আসলে বই কেনা ও পড়ার অভ্যাস তৈরি হয়। প্রতিবছরই মেলায় আসি। ভালো লাগে, অনেকের সঙ্গে আড্ডা হয়,” বলেন সাহা। রাজধানীর এক স্কুলের শিক্ষিকা আতিয়া ফেরদৌসী চৈতি আড্ডারত ছিলেন বন্ধুদের নিয়ে। তিনি বলেন, “কাজের চাপে বন্ধুদের সঙ্গে তেমন দেখা হয় না। মেলায় একদিকে যেমন একটু ঘোরাঘুরি করা যায় তেমনি সবার সঙ্গে দেখাও হয়। তবে আজ প্রচণ্ড ভিড় হওয়ায় ঠিকভাবে কোথাও একটু নিরিবিলি বসা যাচ্ছে না।” শুক্রবারের বই বইমেলায় শুক্রবার মোট ২৪৫টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প ২৬টি, উপন্যাস ৩৯টি, প্রবন্ধ ২৩টি, কবিতা ৪৪টি, গবেষণা ৪টি, ছড়া ৮টি, শিশুসাহিত্য ১১টি, জীবনী ১৪টি, মুক্তিযুদ্ধ ভিত্তিক ১২টি, নাটক ১টি, বিজ্ঞান ৫টি, ভ্রমণ ৬টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য ৩টি, কম্পিউটার ১টি, রম্যরচনা ৫টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৫টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ৬টি ও অন্যান্য ২৭টি বই রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বইয়ের তালিকায় আছে খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত আহমদ ছফার প্রবন্ধ ‘শান্তিচুক্তি ও নির্বাচিত নিবন্ধ’, অঙ্কুর প্রকাশনী থেকে রকিব হাসানের শিশুতোষ বই ‘ভুতের গলি’, মুহাম্মদ জাফর ইকবালের কলাম সংকলন ‘বদনখানি মলিন হলে’, সিসটেক পাবলিকেশন থেকে ঝর্ণা বসু ও মফিদুল হকের স্মৃতিকথামূলক ‘অবরুদ্ধ অশ্র“র দিন’, শুদ্ধস্বর থেকে শামসুজ্জামান খানের ভ্রমণ বিষয়ক বই ‘দূরে দূরান্তরে’, হায়াৎ মামুদের সম্পাদনায় অনুবাদ ‘রুশ উপন্যাস সঞ্চয়ন-২’, পিয়াস মজিদের প্রবন্ধ ‘করুণ মাল্যবান ও অন্যান্য প্রবন্ধ’, নবযুগ থেকে সমরেশ মজুমদারের শিশুতোষ বই ‘ভূতেরা সাঁতার জানে না’, সুবর্ণ থেকে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘মুক্তিযুদ্ধে ১৩নং সেক্টর’, শব্দশিল্প থেকে তৌকির আহমেদের নাটক ‘প্রতিসরণ’, শুদ্ধস্বর থেকে হামিদ কায়সার সম্পাদিত ‘শিল্পের গল্প, গল্পের শিল্পী’, রোদেলা প্রকাশনী থেকে আহসান হাবীবের উপন্যাস ‘অন্য কেউ’ এবং জনান্তিক থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অগ্নিপুত্র’ ইত্যাদি। শুক্রবারের আয়োজন সকালে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ‘ক’ শাখায় ছড়াগানে ১৫০জন এবং ‘খ’ শাখায় ভাষার গানে ১১৫ জন প্রতিযোগী অংশ নেয়। আগামী ১৪ ফেব্র“য়ারি প্রাথমিক পর্বের ফল প্রকাশ করা হবে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন জিনাত রেহানা, নীলোৎপল সাধ্য ও নন্দিতা ইয়াসমিন। এরপর বাংলা একাডেমীর সেমিনার কক্ষে ‘বাঙালির ভাষা-আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ হান্নান। সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর সভাপতিত্বে প্রবন্ধের ওপরে আলোচনা করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী, জাতিসংঘের সাবেক কর্মকর্তা শামসুল বারী এবং ছড়াকার লুৎফর রহমান রিটন। বিকালে বইমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘ভাষা-সংগ্রামী হাসান হাফিজুর রহমান’ ও ‘ভাষা-সংগ্রামী ইমদাদ হোসেন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নূহ-উল-আলম লেনিন। অধ্যাপক সানজীদা খাতুনের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন বায়তুল্ল¬াহ কাদেরী, ফারজানা সিদ্দিকা ও তারেক রেজা। সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভাশিস সিনহার নাট্যরূপ ও নির্দেশনায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নাটক মঞ্চায়ন করে মণিপুরী থিয়েটার। মোড়ক উন্মোচন বৃহস্পতিবারের ধারাবাহিকতায় শুক্রবারও রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে প্রকাশনা সংস্থা মূর্ধন্য। বইগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর সভাপতি এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। রবীন্দ্রনাথকে এ বইগুলো হলো, হাসনাত আবদুল হাইয়ের ‘রবীন্দ্রনাথ : শেষের কবিতা’ ও ‘রবীন্দ্রনাথ : শেষের কবিতা প্রসঙ্গে’, সমীল আহমেদের ‘রবীন্দ্রনাথ : দুই বোন, আহমেদ মাওলার ‘রবীন্দ্রনাথ : চার অধ্যায়’, আহমেদ মাওলার ‘রবীন্দ্রনাথ : উপন্যাসের মানুষগুলো’ রঞ্জনা বিশ্বাসের ‘রবীন্দ্রনাথ : কাবুলিয়াওয়ালা, সুভা ও দালিয়া’, সৈকত আরেফিনের ‘রবীন্দ্রনাথ : সমাপ্তি, অতিথি ও শাস্তি’, আহমেদ মোস্তফা কামালের ‘রবীন্দ্রনাথ: ছোটগল্পে ছোটরা’, এম এ জলিলের ‘রবীন্দ্রনাথ: হৈমন্তী, অপরিচিতা ও মুসলমানীর গল্প’ এবং মামুন সিদ্দিকীর ‘রবীন্দ্রনাথ : গল্পসল্প’। এছাড়া আরো ১৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয় বইমেলার দশম দিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/এমআই/২০২৭ ঘ.