চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল আলম মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক শফিউল দীর্ঘদিন ধরে তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী অধ্যাপক শফিউল বাকবিশিসের চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনে সংগঠকের ভূমিকা ছিল তার।
অধ্যাপক শফিউলের প্রথম জানাজা নগরীর কাজেম আলী হাই স্কুল মাঠে বিকালে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
অধ্যাপক শফিউল আলমের মৃত্যুতে বাকবিশিস কেন্দ্রীয় সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চবি-চট্টগ্রাম জেলা মহানগর কমিটির নেতা অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক রণজিৎ কুমার দে, ড. গণেশ রায়, উপাধ্যক্ষ এস এম ইকবাল, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক উত্তম চৌধুরী শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯০২ ঘ.
bdnews24