২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রাস্তার নির্মাণে ব্যবহৃত জমি নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

হবিগঞ্জ, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রাস্তার নির্মাণে ব্যবহৃত জমি নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, শুক্রবার সকার ৮টার দিকে শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু সামা (৫৫), সেতু (৩৬), মতুর্জা আলী (৩৫), আহসান মিয়া (৬০), ফারুক মিয়া (৩৫), গফুর (৩০) ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বাধীন মিয়াসহ (৪০) আরো কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি নির্মলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার মুড়াব্দা গ্রাম থেকে শ্যামপুর এলাকার বালিখাল বাজার পর্যন্ত একটি মাটির রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর বালিখাল বাজার অংশের ২০০ থেকে ৩০০ ফুট জায়গা নিয়ে শ্যামপুর গ্রামবাসীর সঙ্গে স্থানীয় পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার সকাল ৮টার দিকে চেয়ারম্যান আনোয়ার মিয়া ওই জমিতে মাটি ফেলে ভরাট করতে গেলে গ্রামবাসীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে আনোয়ার মিয়ার সমর্থকরা শ্যামপুর গ্রামে হামলা চালায়। আশেপাশের পাঁচ গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়লে প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ চলে। এ সময় শ্যামপুর গ্রামের অন্তত ২০টি বাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও ওসি নির্মলেন্দুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। ওসি নির্মলেন্দু বলেন, সংঘর্ষের সময় জনগণের ‘জান মাল’ রক্ষায় পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। “আমরা চেয়ারম্যানের কাছে দুই দিন সময় নিয়ে ওই রাস্তায় মাটি না ফেলতে অনুরোধ করেছিলাম। তিনি তা মানেননি বলেই সংঘর্ষের ঘটনা ঘটেছে:, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬২০ ঘ.