গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ‘নকলবাজ’ বলায় মুকসুদপুর উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে ছাত্ররা।
বৃহস্পতিবার দুপুরে দিগনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলায় সহকারী প্রধান শিক্ষকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
হামলা-ভাংচুরের কথা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকা বোর্ডে স্কুলের কাজে এসেছি। বহিরাগত ও স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ঢুকে সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে বলে শুনেছি।”
তবে হামলার কারণ তিনি জানেন না বলে জানান।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিগনগর স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে তার স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ‘নকলবাজ’ আখ্যা দিয়ে বলেন, “তাদের টাইট দিতে হবে।”
এ কথা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা হামলা চালায় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৯৩২ ঘ.
bdnews24