২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ মামলায় জামিন পেলেন বজলে কাদের

রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বাদানুবাদের মধ্যে ১০টি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বাদানুবাদের মধ্যে ১০টি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার সকালে তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের শুনানির সময় তুমুল হৈ চৈ এবং বাদানুবাদ হয় দুদকের আইনজীবী কবির হোসাইন এবং আসামিপক্ষের আইনজীবী গাজী শাহ আলমের মধ্যে। কবির হোসাইন পরে সাংবাদিকদের কাছে দাবি করেন, রাষ্ট্রপক্ষ থেকে মামলাগুলো তাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হলেও দুদকের অপর আইনজীবী মোশারফ হোসেন কাজল অতি উৎসাহী হয়ে আসামির জামিনের বিরোধিতা করার বদলে পক্ষে বক্তব্য দিয়েছেন। এ কারণে বজলে কাদের জামিন পেয়ে যান। তবে মোশারফ হোসেন কাজল এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি জামিন আবেদনের বিরোধিতা করেছি। কবির সাংবাদিকদের মিথ্যা তথ্য দিচ্ছেন।” ঘটনার প্রত্যক্ষ্যদর্শী আইনজীবী মাহবুব হাসান এবং ইব্রাহীম খলিল জানান, শুনানির একপর্যায়ে বিবাদ থামাতে না পেরে বিচারক জহুরুল হক তার আসন ছেড়ে খাসকামরায় চলে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সরঞ্জাম ও ওষুধ কেনায় প্রায় সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসানুল হক ২০১১ সালের ১৬ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় ১০টি মামলা করেন। বজলে কাদেরসহ ৮ জনকে আসামি করা হয় এসব মামলায়। সাবেক সেনা কর্মকর্তা কাদের গত ১৮ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/১৯৩০ ঘ.