২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ধরনের লাইসেন্স চূড়ান্ত, আপত্তি বিটিআরসির

টেলিযোগাযোগ মন্ত্রণালয় তিন ধরনের লাইসেন্সের জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করলেও এত লাইসেন্সে আপত্তি রয়েছে বিটিআরসির। শামীম আহমেদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআরসির সঙ্গে টানাপড়েনের পর টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্সের জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূাড়ান্ত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিৎ, এ পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বিটিআরসিতে পাঠানো হয়েছে। ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২৫টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২১টি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৯টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে পাঠানো হয়েছে বলে জানান তিনি। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে শর্তের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে একাধিক অংশীদারিত্ব থাকলে তা বিবেচনা করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠান যদি একাধিক লাইসেন্সের জন্য মনোনীত হয় বা একই ব্যক্তির বিভিন্ন লাইসেন্সে অংশীদারিত্ব থাকে, তাহলে তাকে একাধিক লাইসেন্স না দিয়ে একটি মাত্র দেওয়া হবে। লাইসেন্স দেওয়ার জন্য মন্ত্রণালয়ের চূড়ান্ত ক্ষমতা থাকলেও এ বিষয়ে বিটিআরসিকে মূল্যায়ন করে তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে টেলিযোগাযোগ সচিব জানান। বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম সেক্টর ভারসাম্য নষ্ট হতে পারে।” সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে বিটিআরসির আপত্তির বিষয়ে মন্ত্রণালয়ের সচিব সুনীল বলেন, “প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর এর সংখ্যা কমে আসবে, তাই এই (বাজার ভারসাম্যহীনতা) ধরনের আশঙ্কা নেই।” বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত ৮ ডিসেম্বর জানিয়েছিলেন, ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্সের জন্য ১৫ কোটি টাকা, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের জন্য ৫ কোটি টাকা এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে লাইসেন্সের জন্য ৫ লাখ টাকা লাইসেন্স ফি দিতে হবে। এর আগে গত ১২ জানুয়ারি লাইসেন্স মূল্যায়ন কমিটিতে বিশেষজ্ঞ রাখতে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়ের করা সুপারিশ প্রত্যাখ্যান করেছিল বিটিআরসি। নতুন করে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আবেদনপত্র মূল্যায়ন কমিটিতে বিশেষজ্ঞ নিতে মন্ত্রণালয় চিঠি পাঠালে বিটিআরসি জানিয়ে দেয়, এ ক্ষেত্রে তাদের বাইরের কাউকে প্রয়োজন নেই। ২০১০ সালে পাস হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইনের মাধ্যমে টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির কাছ থেকে মন্ত্রণালয়ের কাছে চলে যায়। এর পর থেকে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে টানাপড়েন শুরু হয়। আইনে বলা হয়, টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্সের জন্য বিটিআরসির কাছে আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স ইস্যু করবে। আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্সে পেতে গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এই প্রতিষ্ঠানগুলোর রেটিং করে গত সপ্তাহে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিটিআরসি। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও আরএমঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯১৫ ঘ.