সিলেট, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাংচুর এবং পুলিশ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আরো চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এনিয়ে ৬০ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. ওসমান পাটোয়ারী (২৫), মো. রায়হান উদ্দিন (২৩), হোসেন মোহাম্মদ (২২) ও জাবের উদ্দিন (২১)।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, আটককৃতরা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দায়ের মামলার আসামি।
দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করলে শিবির কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হয়।
এ ঘটনায় জালালাবাদ, শাহপরাণ ও বিমানবন্দর থানায় পৃথক পাঁচটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24