২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীসোপানের অধিকার আদায় হবে: প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরের ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের অধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও মিয়ানমারের কাছ থেকে এই অধিকার আদায় করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের অধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও মিয়ানমারের কাছ থেকে এই অধিকার আদায় করা হবে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “মিয়ানমার ও ভারত- উভয় দেশকেই স্বীকার করতে হবে যে সাগরের সম্পদে আমাদের অধিকার আছে। আমরা এই অধিকার ইনশাল্লাহ আদায় করে ছাড়বো।” নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ থেকে যতটুকু পলি সাগরে যাবে এবং সে পলি দিয়ে যে যে জায়গা হবে- সেখানেই আমাদের দাবি আছে। সাগরে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের দাবি। বাংলাদেশ যতো না বড়, তার চেয়ে বেশি জায়গা সাগরে আছে।” বঙ্গোপসাগরে মহীসোপানের অধিকার নিয়ে গতবছর ২৫ ফেব্র“য়ারি জাতিসংঘে অবস্থানপত্র জমা দেয় বাংলাদেশ। এতে সাগরের সীমানা নির্ধারণের সূচনা বিন্দু থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের মালিকানা রয়েছে বলে দাবি করা হয়। কিন্তু মিয়ানমার গত বছর ৩১ মার্চ এবং ভারত গত ২০ জুন বাংলাদেশের এই দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তিপত্র দেয়। মহীসোপানে বাংলাদেশের সীমানার এই দাবি নিয়ে জাতিসংঘে গত ২৪ অগাস্ট শুনানি শুরু হয়েছে। এছাড়া সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সি (আইটিএলওএস)-তে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মামলা চলছে। এর শুনানিও শুরু হয়েছে গত সেপ্টেম্বরে। মহীসোপানের দাবিনামা প্রস্তুত করতে বাংলাদেশকে ‘অনেক কাজ’ করতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “বৃটিশ আর্কাইভ থেকে আমাদের ম্যাপ এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হয়েছে। আমরা সিসমিক সার্ভে করেছি।” এই দাবি উত্থাপনে বিগত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে কোনো কাজ করা হয়নি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা বলেছি, টিপাইমুখে সমীক্ষায় আমাদের লোক থাকতে হবে। আমরা ভারতকে বলেছি- বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের মণিপুর রাজ্য সরকারের চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পররাষ্ট্র মন্ত্রণলায় এক বিবৃতিতে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ প্রকল্পের বিস্তারিত তথ্য জানাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায়। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গত ২৯ জানুয়ারি জাতীয় সংসদে জানান, বাংলাদেশে ওই প্রকল্পের প্রভাব খতিয়ে দেখতে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি সমীক্ষা দল করা হচ্ছে। বাংলাদেশি বিশেষজ্ঞদের নামের তালিকা ইতিমধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে। নওয়াব আলী আব্বাস খানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বুধবার সংসদকে জানান, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে যাওয়া অভিন্ন নদীতে ‘তীর সংরক্ষণমূলক কাজের’ জন্য তথ্য-উপাত্ত নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশ ১৭টি নদীর ৫০টি সাইটে এবং ভারত মোট ১১টি নদীর ৫০টি সাইটে তীর সংরক্ষণের কাজ করবে। এ জন্য ৩ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনাও করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ছাড়া যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো- তারা দেশের স্বার্থ রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি দাবি করে বুধবার প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ছাড়া ২৯ বছর যারা ক্ষমতায় ছিলো, তারা কোনো পদক্ষেপ নেয়নি। কেন ২৯ বছর তারা ভারতের দাসত্ব স্বীকার করেছে? দেশে গালি দেয়, আর ভারতে গিয়ে পা ধরে বসে থাকে।” সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা অনুযায়ী একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ট্রাইবুনালের চাহিদা মোতাবেক আরো একটি বেঞ্চ গঠনের কাজও দ্রুত সম্পন্ন হচ্ছে।” এই বিচার বানচালে একটি বিশেষ মহল দেশে-বিদেশে মিথ্যা প্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার কাজে যারা যেখানে এবং বেভাবেই বাধা প্রদান করুক না কেন, আমাদের পিছু হটার কোনো কারণ নেই। এদেশের প্রচলিত আইনেই সব বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।” জঙ্গীবাদের প্রসার ও অর্থায়নের উৎস ও সরবরাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এফআইইউকে (আর্থিক গোয়েন্দা ইউনিট) শক্তিশালী করা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিওর কার্যক্রম তদারকি করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। নাছমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ৭২টিরও বেশি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৪৪ দশমিক ২৭ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/২০০২ ঘ.