কুষ্টিয়া, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলপুর উপজেলায় মঙ্গলবার গভীর রাতে এক মুক্তিযোদ্ধা নৈশপ্রহরী খুন হয়েছেন।
বুধবার সকালে গ্রামের একটি শ্যালো মেশিন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
খবির উদ্দিনের (৬৫) বাড়ি উপজেলার গোয়াল গ্রামে। তিনি ৮নং সেক্টরের একজন সৈনিক হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন বলে জানান কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিম উদ্দিন আহম্মেদ।
দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবির দীর্ঘদিন ধরে গ্রামের পাইকপাড়া মাঠে একটি শ্যালো মেশিন ঘরে নৈশ প্রহরীর কাজ করছিলেন। মঙ্গলবার এশার নামাজের পর পাহারা দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হন। ওই মেশিন ঘরে তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে এলাকাবাসী খবিরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের স্ত্রী উরিজান দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, কী কারণে তাকে খুন করা হল তা পুলিশ কর্মকর্তা বলতে পারেননি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24