২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের চিস্তা প্রধানমন্ত্রীর

চিকিৎসার জন্য দরিদ্র ও অসহায় মানুষকে যেন অর্থ দেওয়া যায়, সে জন্য একটি তহবিল গঠনের কথা ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য দরিদ্র ও অসহায় মানুষকে যেন অর্থ দেওয়া যায়, সে জন্য একটি তহবিল গঠনের কথা ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার কমিউনিটি হেলথ কেয়ার পুনরুজ্জীবন কাউন্সিলের জাতীয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান। বর্তমানে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র পরিবারের সন্তানদের অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। এর আদলে স্বাস্থ্যসেবা সহায়তা ট্রাস্ট গঠনের কথা শেখ হাসিনা বৈঠকে তোলেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের অনুরূপ একটি স্বাস্থ্যসেবা সহায়তা ট্রাস্ট তহবিল গঠনের কথা বিবেচনা করছি। কারণ বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।” শিক্ষা সহায়তা ট্রাস্টের মতো স্বাস্থ্যসেবা ট্রাস্ট তহবিলেও অনুদান করমুক্ত হবে বলে জানান তিনি। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম এবং এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সব পর্যায়ে স্বাস্থ্যসেবা পুনরুজ্জীবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হয় এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ১১ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করে। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭২৫ ঘ.