২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির শিক্ষককে পেটালেন শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতিকে পেটানোর অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতিকে পেটানোর অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার দুপুরে বিভাগীয় সভাপতির কক্ষে মারধরের শিকার অধ্যাপক ড. মামুনুর রশীদকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত অধ্যাপক ড. আবদুল গফুরের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি। প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি অবহিত আছি। তবে এখন পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ করেনি।” আহত ড. রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আমাকে কিল-ঘুষি মারাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন।” তিনি জানান, দুই ফ্রেব্র“য়ারি তাদের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অধ্যাপক গফুরের বিরুদ্ধে ১০টি অভিযোগ উল্লেখ করে স্মারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিভাগের একাডেমিক কমিটির সভা হয়। “এরই ধারাবাহিকতায় দুপুর ১২টার দিকে ড. গফুর আমার কক্ষে এসে অভিযোগের কপি ও সিদ্ধান্তের বিষয়ে জানতে চান। কিন্তু একাডেমিক কমিটির সিদ্ধান্ত ছাড়া তা দেখাতে অস্বীকৃতি জানালে তিনি কক্ষের দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন,” বলেন ফার্মেসির সভাপতি। এর প্রতিবাদ করলে ড. গফুর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় বিভাগের কর্মচারী নিজাম তাকে সেখান থেকে উদ্ধার করে রাবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. মীর্জা ওয়াজেদ হোসেন বেগ বলেন, ড. মামুনুর রশীদ মুখে ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের জন্য বাসায় পাঠানো হয়েছে। অভিযুক্ত ড. গফুরকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নামাজ পড়ার কথা বলে এড়িয়ে যান। পরে আর ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৬৫৮ ঘ.