২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়ার টেবিল ছেড়ে না আসায় শিশু খুন

কথামতো পড়ার টেবিল থেকে উঠে না আসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবু রাশেদ প্রতিবেশী কিশোরের হাতে খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

শেরপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথামতো পড়ার টেবিল থেকে উঠে না আসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবু রাশেদ প্রতিবেশী কিশোরের হাতে খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আবু রাশেদ (৯) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কাপাশিয়া গ্রামের দিনমজুর মনিক মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় সে ছুরিকাঘাতে আহত হয়। মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্বজনদের বরাত দিয়ে নালিতাবাড়ি থানার ওসি মো. গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিক মিয়ার স্ত্রী ও অন্য সন্তানরা ঢাকায় থাকেন। একমাত্র শিশু রাশেদকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন মানিক মিয়া নিজে। সোমবার সন্ধ্যায় রাশেদ পড়াশোনা করার সময় প্রতিবেশী রমজান আলীর ছেলে রুবেল (১৫) তাকে খেলার জন্য ডাকে। রাশেদ পড়ার টেবিল থেকে না ওঠায় রুবেল ঘরে ঢুকে রাশেদের পেটে ৩/৪বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় ঘরে আর কেউ ছিল না। রাশেদের চিৎকারে তার বাবাসহ প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আরো বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। নিহতের ভাই মো. সোহেল মিয়া এ ঘটনায় একটি মামলা করেছেন। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১০ ঘ.