ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের দাম্মামসহ বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানিয়ে প্রতিবেদন দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আইন ও সালিশ কেন্দ্রের এক আবেদনে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. হাবিবুল গনি এ আদেশ দেন।
এই বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিবকে ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। পর দিন এ নিয়ে আদালতে আবার শুনানি হবে।
আদেশের পর আবেদনকারীর কৌঁসুলি সাইফুর রশিদ সাংবাদিকদের বলেন, “আটক বাংলাদেশিদের সংখ্যা কত, তাদের বর্তমান অবস্থা কী এবং তাদের ফিরিয়ে আনতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি-না, এসব জানিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।”
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত বছরের ১৩ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় ‘সৌদি আরবের দাম্মাম জেলে ৫ শতাধিক বাংলাদেশি ধুঁকছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই খবরের ভিত্তিতে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আদেশ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে বন্দিদের ফিরিয়ে আনতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়ে ওই বছরের ১৭ অক্টোবর রুল জারি করে আদালত।
দৈনিক আমার দেশ’র প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দাম্মাম জেলে পাঁচ শতাধিক বাংলাদেশি ধুকে ধুকে মরছে। বৈধ কাগজপত্র (আকামা) না থাকায় গ্রেপ্তার এসব বাংলাদেশির অনেকেই জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে।
এতে বলা হয়, বন্দিরা দেশে ফেরার পারমিট ও বিমান টিকিট পেলে সৌদি সরকার তাদের দেশে ফেরার অনুমতি দিতে রাজি থাকলেও বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে তা হচ্ছে না।
এর মধ্যেই গত বছরের ৭ অক্টোবর একটি হত্যামামলায় সৌদি আরবে আট বাংলাদেশির শিরোচ্ছেদ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/আরএ/১৮০৮ ঘ.
bdnews24