২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গৃহবধূ খুন, শ্বশুর ও দেবর আটক

মাগুরা সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

মাগুরা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর ও দেবরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনালিয়া গ্রামের নিজ বাড়িতে জাহানারা বেগমের (২২) লাশ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে জাহানারার স্বামী মনিরুল (২৫) পলাতক রয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনিরুলের বাবা আবুল হোসেন ও ছোট ভাই মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবা আলেপ বিশ্বাস আভিযোগ করেন, দাবিমতো যৌতুক না পেয়ে মনিরুল ইসলাম তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। তিনি জানান, গত বছর অগাস্টে গাংনালিয়ার আবুল হোসেনের ছেলে মনিরুলের সঙ্গে জাহানারার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনিরুল যৌতুক হিসেবে মোটরসাইকেল দিতে চাপ দিয়ে আসছিল। কিন্তু তা না পেয়ে জাহানারার উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল মনিরুল। গতরাতে (সোমবার) প্রচণ্ড মারধরে জাহানারার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, মঙ্গলবার সকালে জাহানারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ক্ষতচিহ্ন আছে। নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫৭ ঘ.