২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত ২

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, খালি করা হচ্ছে হলগুলোও। এদিকে নিহত দুজনকে ছাত্রশিবিরের দাবি করে এর প্রতিবাদে বুধবার চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ৩৫ জন। বুধবারের এই সংঘর্ষের পর ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহত দুজনকে নিজেদের সংগঠনের কর্মী দাবি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীতে আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির। বিকালে নগরীতে মিছিলও করেছে তারা। দুপুর সোয়া ১২টার দিকে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াতপত্র বিলি করা নিয়ে সরকার সমর্থক ছাত্রলীগ এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষের জন্য দুটি সংগঠনই একে অপরকে দায়ী করেছে। নিহত এক জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগ। সংঘর্ষে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মুজাহিদুল ইসলাম এবং ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাসুদ বিন হাবিব। মুজাহিদের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে এবং মাসুদের বাড়ি হবিগঞ্জে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম সাংবাদিকদের জানান, হাবিব শিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সম্পাদক এবং মুজাহিদ সংগঠনের সাথী ছিলেন। সন্ধ্যায় চমেক মর্গে নিহত দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রতিবেদন তৈরিকারী পাঁচলাইশ থানার এসআই গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, দুজনের শরীরে গুলির জখম এবং শরীরের বিভিন্ন অংশে রড ও অন্যান্য ধারালো অস্ত্রের জখম দেখা গেছে। সংঘর্ষের সময় ক্যাম্পাসে গোলাগুলির বিষয়টি স্বীকার করেনি পুলিশ ও চবি প্রশাসন। তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বলেছেন, তারা গুলির শব্দ শুনেছেন। আহত ১৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুটি সংগঠনের কর্মীই রয়েছেন। সংঘর্ষের পর পুলিশ ক্যাম্পাস থেকে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, “সংঘর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই চট্টগ্রামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। কিন্তু শহর থেকে বিশ্ববিদ্যালয় দূরে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অঘটন ঘটে যায়।” পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে বুধবার রাত সাড়ে ৮টায় জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকা হলেও তা বাতিল করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় এই বৈঠক হবে বলে উপাচার্য জানান। অধ্যাপক আরিফ বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে ছেলেদের হল এবং বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে মেয়েদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।” চট্টগ্রাম শহরের অদূরে হাটহাজারী উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাতটি এবং মেয়েদের তিনটি হল রয়েছে। আগামী ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান উপাচার্য। ঘটনার সূত্রপাত প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে দাওয়াতপত্র বিতরণ নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের এক দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর শিবিরকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী হলে গিয়ে বিভিন্ন কক্ষে থাকা ছাত্রলীগকর্মীদের ওপর হামলা চালায়। এরপর ছাত্রলীগকর্মীরা দল বেঁধে শাহজালাল হল থেকে বের হলে উভয় পক্ষ রামদা-লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে বলে ছাত্ররা জানায়। কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়ার কথা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে চবি প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় প্রক্টর নাসিম হাসান ইটের আঘাতে গুরুতর আহত হন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উভয় পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-ধাওয়ি চলে। এরপর বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী প্রক্টর এ এইচ এম সেলিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে উভয়পক্ষের আনুমানিক ৩৫ জন আহত হয়েছেন। এদের অনেককেই চবি মেডিক্যাল সেন্টার ও চমেক হাসপাতালে পাঠানো হয়। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে বর্তমানে সাড়ে তিনশ পুলিশ মোতায়েন করা হয়েছে। চমেক হাসপাতালে ভর্তি যারা চমেক হাসপাতালে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হলেন- ইমাদ আহমদ, ফাহাদ, রায়হান কবীর, আনোয়ার হোসেন, নাইম, সাইদুল ইসলাম, আবুল কালাম আজাদ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম রাসেল, আশিক, শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের জেমকন, রাজনীতি বিজ্ঞান বিভাগের আবুল কাশেম, মাসুদ রানা ও হিমেল এবং লোকপ্রশাসন বিভাগের তানভীর রহমান। এদের মধ্যে কে কোন সংগঠনের কর্মী, তা নিশ্চিত হওয়া যায়নি। যারা গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন- চবি শিবিরের সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি নুর হাসান রিয়াদ, সাইদুর রহমান, মারুফ বিল্লাহ, শাহেদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শফি উদ্দিন, মাহফুজুর রহমান, ফয়সাল আহমেদ ও জাহিদুল ইসলাম। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পরপরই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এদের সবাই ছাত্রশিবিরের কর্মী বলে শুনেছি। এদিকে নেতাকর্মীর মৃত্যুর খবর শুনে চমেক হাসপতাল ও মর্গে বিপুল পরিমাণ শিবিরকর্মী জড়ো হয়। এসময় হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রশিবিরের মহানগর উত্তর কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার প্রতিবাদে নগরীতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।” নগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামও এই হরতালে সমর্থনের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/এমআই/১০০৭ ঘ.