২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি পদে আলী ইমাম ও রকিবের নাম

সিইসি পদে সাবেক সচিব আলী ইমাম মজুমদার ও কাজী রকিব উদ্দিনের নামের পাশাপাশি কমিশনার হিসেবে চারটি পদে আট জনের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে সুপারিশ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা দিয়েছে সার্চ কমিটি। কমিটি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক স্বরাষ্ট্র সচিব কাজী রকিব উদ্দিনের নাম প্রস্তাব করেছে। সাবেক এই দুই সচিবের মধ্য থেকে এক জনকে রাষ্ট্রপতি সিইসি পদে নিয়োগ দিতে পারেন। কুমিল্লার বাসিন্দা আলী ইমাম ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। এরপর অবসরে যান তিনি। কাজী রকিব স্বরাষ্ট্রের আগে শিক্ষা সচিবের দায়িত্বও পালন করেছিলেন। এছাড়া সার্চ কমিটির চার জন কমিশনার হিসেবে আটটি নাম সুপারিশ করেছে। এর মধ্যে একজন নারী রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন এক জন। তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ ও শাহ মো, মনসুরুল হক, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আব্দুল মোবারক, সাবেক পুলিশপ্রধান হাদিস উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, সুপ্রিম কোর্টের সাবেক নিবন্ধক ফজলুল করিম, সাবেক দায়রা জজ মো. শাহনেওয়াজ এবং ব্রতী (এনজিও)’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ। মঙ্গলবার বিকালে বৈঠকের পর সার্চ কমিটি সন্ধ্যায় তাদের সুপারিশ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তুলে দেয়। এরপর পৌনে ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা নামগুলো জানানো হয়। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে এই অনুসন্ধান কমিটি গঠন করেন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই সার্চ বা অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনে সহায়তা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য তিন সদস্য হলেন- হাই কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, পিএসসি চেয়ারম্যান এ টি আহমদুল হক চৌধুরী ও মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম। কমিটির আহ্বানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি। দলটি বলে আসছে গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা কোনো মত দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমকে/এমআই/১৯২৫ ঘ.