২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি গঠনে সুপারিশ সন্ধ্যায়

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির করা অনুসন্ধান কমিটি মঙ্গলবার সুপারিশ জমা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:48 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির করা অনুসন্ধান কমিটি মঙ্গলবার সুপারিশ জমা দেবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে উপস্থাপন করা হবে এই সুপারিশ। এক তথ্য বিবরণীতে জানানো হয়, মঙ্গলবার বিকাল ৫টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে কমিটির শেষ (৬ষ্ঠ) সভা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় কমিটি রাষ্ট্রপতিকে সুপারিশ দেবে। এর পরপরই বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং হবে, যাতে মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত থাকবেন। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে এই অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটির আহ্বানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি। দলটি বলে আসছে গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা কোনো মত দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০৩০ ঘ.