মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ওয়াটার বাস (সি-ট্রাক) চালু হয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় সোমবার বিআইডব্লিউটিসির এই সার্ভিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোশারফ হোসেন হাওলাদার।
উদ্বোধনের পর ওয়াটার বাস এসটি শহীদ শেখ জামাল বেলা সাড়ে ১২টায় ১৬ যাত্রী নিয়ে মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। এক ঘণ্টা পরই অপর ওয়াটার বাস এসটি শহীদ শেখ রাসেল কাওড়াকান্দির উদ্দেশ্যে মাওয়া ত্যাগ করে।
দু’টি ওয়াটার বাসই এক ঘণ্টা পরপর চলাচল করবে।
বিআইডব্লিউটিস’র মহাব্যবস্থাপক (মেরিন) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শওকত সরদার জানান, ঝড়-বাদল কিংবা তীব্র স্রোতেও ওয়াটার বাসে ঝুঁকি নেই। ওয়াটার বাসের তলদেশ দু’স্তর বিশিষ্ট। তাই এটি ফুটো হওয়া বা ডুবে যাওয়ার শঙ্কাও নেই।
প্রতিটি ওয়াটার বাসে দু’শ যাত্রীর সিট থাকলেও ধারণ ক্ষমতা রয়েছে ৫শ’ যাত্রীর। ২০ কিলোমিটার দীর্ঘ এই নদী পথ ওয়াটার বাসে পাড়ি দিতে ভাড়া পড়বে জনপ্রতি ৬০ টাকা।
এই রুটে বর্তমানে ৮১টি লঞ্চ চলাচল করছে। লঞ্চে সরকার নির্র্ধারিতে ভাড়া জনপ্রতি ২৫ টাকা। লঞ্চে এই রুটে সময় লাগছে ১ ঘণ্টা ২০ মিনিট। এছাড়া চার শ’ স্পিড বোট মাওয়া-কাওড়াকান্দি নৌ রুটে চলাচল করে। স্পিড বোটে জনপ্রতি ভাড়া ১৫০ টাকা আদায় করা হয়। স্পিড বোটে পার হতে সময় লাগছে ২৫ মিনিট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রদিনিধি/এমএইচপি/পিডি/০০০০ ঘ.
bdnews24