২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়ে সার্চ কমিটির সুপারিশ মঙ্গলবার

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির করা সার্চ কমিটি তার সুপারিশ দেবে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির করা সার্চ কমিটি তার সুপারিশ দেবে মঙ্গলবার। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে সুপারিশ পেশ করবে। সোমবার সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৫টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে কমিটির শেষ (৬ষ্ঠ) সভা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় কমিটি রাষ্ট্রপতিকে তার সুপারিশ দেবে। এর পরপর এ বিষয়ে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং হবে যাতে মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত থাকবেন। চলতি মাসের মাঝামাঝি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন গত মাসে। কমিটির আহ্বানের ভিত্তিতে আওয়ামী লীগসহ কয়েকটি দল নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি। দলটি বলে আসছে গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের আগে তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো মত দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১১৫ ঘ.