ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলীকে হুমকি দেওয়ার মামলায় খালাস পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
রায় হওয়ার পর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফারুক আজিজ প্রধান প্রকৌশলী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাদেরের বিরুদ্ধে পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
২০০৯ সালের এই মামলায় সোমবার ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন রায় দেন।
মামলায় অভিযোগ করা হয়েছিল, ওই বছরের ২৭ সেপ্টেম্বর ফারুক আজিজ ২০/২৫ জন প্রকৌশলী নিয়ে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে বলেন, ডিসিসিতে তাকে (ফারুক) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি না দিয়ে সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে প্রেষণে আনা হলে কাদেরকে খুন করা হবে।
রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হল।
রায়ের পর আজিজের আইনজীবী আমিনুল গণী টিটো সাংবাদিকদের বলেন, “মিথ্যা মামলায় হয়রানির জন্য কাদেরের বিরুদ্ধে উল্টো মামলা করা হবে।”
কাদেরর পক্ষে ওই বছরের ২৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি করেছিলেন ডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।
তার আগে কথিত হুমকির দিন ২৭ সেপ্টেম্বর সাইদুর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
মামলার বিচারকালে দেখা যায়, জিডির সঙ্গে এজাহারের ফারাক রয়েছে। এজাহারে পিস্তল দেখিয়ে হত্যার হুমকির কথা বলা হলেও জিডিতে তার কোনো উল্লেখ ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24