দিনাজপুর, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুরে চাকা খুলে বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
সোমবার সকালে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কুড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর থানার ওসি শওকত আলী।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বালুপাড়া গ্রামের আব্দুল আলীম (৩৫) এবং পাবর্তীপুর পাঁচপুকুর গ্রামের বামুন সরেন (৪২)।
ওসি জানান, সকাল ৯টার দিকে চলন্ত বাসটির সামনের একটি চাকা খুলে গেলে এটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটি বগুড়া থেকে দিনাজপুর যাচ্ছিল।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যুর হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান বলে জানান ওসি।
আহতদের মধ্যে আব্দুর রশিদ মিন্টু (৬০), সোহাগ (২০), সোবহান (৬০), কাদিরুল (৪০), রাব্বানী (২৭), দিলু মিয়াসহ (২৫) অজ্ঞাত পরিচয় এক যুবককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪৩০ ঘ.
bdnews24