মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রকাশনা ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও প্রকাশনাকে একটি শিল্পের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন এই সময়ের জনপ্রিয় ছড়াকার লুৎফর রহমান রিটন।
একুশে বইমেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের প্রকাশনা ব্যবসা খুব খারাপ অবস্থায় আছে- এমনটা বলা যাবে না। প্রতি বছর শুধু মেলাতেই ২৫ থেকে ৩০ কোটি টাকার বই বেচাকেনা হচ্ছে। বইয়ের সংখ্যাও বাড়ছে।”
কিন্তু একে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি মননশীলতার চর্চাকে উৎসাহিত বরতে প্রকাশনাকে সরকারিভাবে ‘শিল্প’ ঘোষণা করা জরুরি বলে মনে করেন তিনি।
“এই সেক্টরে সরকারি সহযোগিতা একেবারেই নেই। আর শিল্প হিসাবে স্বীকৃতি নেই বলে প্রকাশনা ব্যবসায়ীরা কোনো ধরনের ব্যাংক ঋণও পান না।”
নবীনদের প্রকাশনা ব্যবসায় আসার জন্য উৎসাহিত করতে তার পরামর্শ, “এটাকে শিল্প ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারের উচিৎ কিছুটা ভর্তুকি দিয়ে কাগজ সরবরাহ করা কিংবা সহজ শর্তে ঋণ দেওয়া।”
এবারের বইমেলায় লুৎফর রহমান রিটনের পাঁচটি বই আসছে। এর মধ্যে চন্দ্রাবতী একাডেমি থেকে ‘ভূতের বিয়ের নিমন্ত্রণে’, অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে ‘মজার পড়া ১০০ ছড়া’, বিভাস প্রকাশন থেকে ১২টি কিশোর গল্প নিয়ে ‘নিখোঁজ সংবাদ’ এবং অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে কিশোর উপন্যাস ‘ইতিহাস স্যার’।
রিটন বরাবর ছোটদের জন্য লিখলেও এবার বাদ যাচ্ছেন না বড়রাও। প্রবাস জীবন নিয়ে বড়দের জন্য তার উপন্যাস ‘জামিল মজিদের তৃতীয় জীবন’ প্রকাশ করছে দি রয়্যাল পাবলিশার্স।
এবারের মেলার ব্যবস্থাপনাকে ‘ভালো’ বললেও এই লেখকের মতে, মেলার জায়গা স¤প্রসারণের কথা এখনই ভাবা উচিৎ।
“প্রকাশক বেড়েছে, বিক্রি বেড়েছে, দর্শনার্থী বেড়েছে। এখন জায়গা বাড়ানোর দরকার।”
এক্ষেত্রে রিটনের মত হলো- মূল বইমেলা এবং প্রকাশকদের স্টল বাংলা একাডেমী প্রাঙ্গণে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানকেও মেলায় সংযুক্ত করা যেতে পারে।
“তাহলে বিভিন্ন চাপ কিংবা রাজনৈতিক বিবেচনায় যে স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়- সেই চাপটা মূল মেলা প্রাঙ্গণে পড়বে না”, যোগ করেন তিনি।
অমর একুশে গ্রন্থমেলাকে একটি ‘অসা¤প্রদায়িক এবং সর্বজনীন’ উৎসব হিসাবে অভিহিত করে রিটন বলেন, “রাজনৈতিক ডামাডোলে যখন আমাদের আত্মপরিচয় সঙ্কটে পড়ে, তখন একুশে বইমেলা আমাদের সঙ্কট উত্তোরণে সহায়তা করে।
“এটা আমি আরো বেশি উপলব্ধি করি, যখন ভাবি- আমি সেই ভাষার লেখক, সেই বর্ণমালায় আমি লিখি, যার প্রতিটা বর্ণ ভাষা শহীদদের রক্তøাত। এজন্যই আমার গৌরব বেশি, এ ভাষার প্রতি আমার প্রেম বেশি, মমত্ববোধ বেশি। তাই দায়িত্বটাও বেশি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/০৯৪০ ঘ.
bdnews24