ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখকদের রক্ষা করার বদলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ‘মৌলবাদীদের’ সমর্থন দিচ্ছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।
তিনি বলেন, “সংখ্যালঘুদের ভোট নিশ্চিত করতে বামফ্রন্ট আমাকে বের করে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কি ভোট পেয়েছিল?”
“আমি কি আসলেই ভোটে কোনো প্রভাব রাখতে পারি?”
ভারতের দৈনিক দ্য হিন্দুস্তান টাইমসে শনিবার প্রকাশিত তসলিমার সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদনে এ উদ্ধৃতি দেওয়া হয়।
বামফ্রন্টের শাসনামলে ২০০৭ সালে ‘মৌলবাদীদের’ হুমকির মুখে কলকাতা ছাড়তে হয় তসলিমাকে।
গত বছরের মে মাসের নির্বাচনে দীর্ঘ ৩৪ বছর পর বামফ্রন্টকে হারিয়ে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও তসলিমার ফিরে আসা নিয়ে কোনো কথা ওঠেনি। বরং এ আমলেই বাতিল হয় তার বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।
তবে বামফ্রন্টের আমলেই পরিবর্তনপন্থী কিছু বুদ্ধিজীবী তাকে ফিরিয়ে আনতে প্রচার চালিয়েছিলেন বলে উল্লেখ করেন তসলিমা।
তিনি বলেন, “এখন তারা একেবারেই নীরব যা খুবই আশ্চর্যজনক। আমার মনে হয় না যে ওরা আমাকে অপছন্দ করতে শুরু করেছে।”
“কিন্তু বুঝতে পারছি না কেন তারা এখন কথা বলছেন না।”
চলতি বছর কলকাতা বইমেলায় তার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বাতিল হওয়ার কয়েকদনি পর পশ্চিমবঙ্গ নিয়ে এসব কথা বলেন তসলিমা নাসরিন।
তার আত্মজীবনীর একটি খণ্ড ‘নির্বাসন’-এর প্রকাশনা অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে বাতিল করে কলকাতা বইমেলার আয়োজক কর্তৃপক্ষ।
স্থানীয় সংখ্যালঘুদের কয়েকজন নেতা পুলিশের সঙ্গে দেখা করে তাদের বইটি সম্পর্কে তাদের বিরূপ মনোভাব জানালে এ ঘটনা ঘটে।
তবে প্রকাশক পিপলস বুক সোসাইটি বইটি তার স্টলে প্রকাশ করে।
‘নির্বাসন’ বইটিতে তসলিমা ভারত থেকে ২০০৭ সালের নভেম্বর মাসে তার জোরপূর্বক নির্বাসনের কাহিনী লিখেছেন। ‘দ্বিখণ্ডিত’ নামের আরেকটি বই নিয়ে মৌলবাদীদের হুমকির মুখে তসলিমাকে সেবার ভারত ছাড়তে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১৪০ ঘ.
bdnews24