২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোর ঢাকার, চুরি চট্টগ্রামে

ঢাকা থেকে চট্টগ্রাম এসে অভিজাত এলাকা থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি করেন এমন একটি চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চট্টগ্রাম এসে অভিজাত এলাকা থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি করেন এমন একটি চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- চোর চক্রের (রানা দল) প্রধান মো. আমিন উদ্দিন রানা (৫৮), আজিজুল শেখ (৩০) ও তাজুল ইসলাম বাবুল(৩৮)। টানা তিন দিন অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর রোববার দুপুরে নিজ কার্যালয়ে এদের সাংবাদিকদের সামনে উপস্থিত করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং থানায় গাড়ির যন্ত্রাংশ চুরির দুটি মামলার তিনটি দামি গাড়ির প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। চুরি যেভাবে দলনেতা রানা বলেন, দালালদের দেওয়া তথ্য অনুযায়ী তারা রিকশায় চড়ে উপস্থিত হন নির্দিষ্ট বাড়িতে। নিরাপত্তাকর্মী ঘুমিয়ে থাকা অবস্থায় তারা চুরি করেন। জেগে গেলে বা কোনভাবে টের পেলেও তার হাত-পা বেঁধে মুখে টেপ মুড়িয়ে দিয়ে তারা চুরি চালিয়ে যান। একটি দামি গাড়ির যন্ত্রাংশ চুরি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে সম্পন্ন করেন বলে জানান রানা। এরপর বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো পাঠিয়ে দেন ঢাকায়। এসব যন্ত্রাংশ বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আবারো প্রকৃত গাড়ির মালিকদের কাছে বিক্রি হয়- এ কথা উল্লেখ করে চোরচক্রের প্রধান বলেন, গাড়ির মালিকরা জানতে পারেন না এসব যন্ত্রাংশ তাদের গাড়ি থেকেই চুরি হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজ সাংবাদিকদের বলেন, রানা ২৫-৩০ বছর ধরে নানা ধরনের চুরির সঙ্গে যুক্ত। গত কয়েক বছর ধরে গাড়ির যন্ত্রাংশ চুরি করছেন। গত দুই মাসে পাঁচ-ছয়টি বাড়িতে নিরাপত্তাকর্মীকে বেঁধে গাড়ির যন্ত্রাংশ চুরি করেন তারা। এসআই বলেন, “অন্তত ৮ বার চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলে গেলেও জামিনে বের হয়ে আবারো চুরি শুরু করেন তিনি।” গ্রেপ্তার ঢাকা থেকে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার গাজীপুর জেলার টঙ্গী থানার স্টেশন রোডের নতুন বাজার এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১২টায় গাজিপুর জয়দেবপুর থানাধীন পুবাইল রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রানাকে। ওইদিনই সকাল ১০টায় চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলার বাদীর এলিয়ন গাড়ির যন্ত্রাংশ এসএ পরিবহনের ঢাকার উত্তরা শাখা থেকে উদ্ধার করা হয়। এসআই বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং থানা এলাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির কথা স্বীকার করেন রানা। তার দেওয়া তথ্যমতে নগরীর কোতোয়ালী থানার কালী বাড়ি মোড়ের হোটল গোল্ডেন স্টারের নৈশ প্রহরী বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় পাহাড়তলী থানায় দায়ের মামলার বাদীর এক্স করোলা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। নগরীর বিবিরহাট গাউছিয়া মার্কেটে পাঁচ-ছয়জন এসব চোরাই পণ্য বিক্রি করে বলে জানান রানা। তবে এদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/১৯১২ ঘ.