ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেতু নির্মাণ চেষ্টায় আবারো বাধা দিয়েছে বিজিবি।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার বিকাল থেকে ওই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
গত মঙ্গলবারও (৩১ জানুয়ারি) বিএসএফ শ্রমিক নিয়ে সেতু নির্মাণের জন্য মাটি কাটার কাজ শুরু করে। কিন্তু বিজিবির বাধায় কাজ বন্ধ করে দেয়।
ব্রাহ্মণবাড়িয়ার ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা মাটি কাটার যন্ত্র এবং পানি সেচের যন্ত্র নিয়ে নোম্যানসল্যান্ডে কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
তিনি জানান, বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ওই এলাকায় খালের ওপর একটি বক্স কালভার্ট নির্মাণের চেষ্টা করে। পরে বিজিবি জোয়ানদের বাধার মুখে তারা কাজ বন্ধ রাখে।
বিষয়টি নিস্পত্তির জন্যে আগামী সোমবার সকাল সাড়ে ৯টায় আখাউড়া আইসিপিতে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১২০ ঘ.
bdnews24