২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে শনিবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

সাতক্ষীরা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে শনিবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের শেখ ওয়াজেদ আলীর ছেলে আব্দুল খালেক (৫০), একই এলাকার শাহাজান আলীর ছেলে শাহিনুর রহমান (২০) ও মাজেদ আলীর ছেলে আজিজ সরদার (৩২)। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা মিটিংয়ে আটক তিন বংলাদেশিকে ফেরত না দেওয়ায় বিকালে ব্যাটালিয়ন পর্যায়ে আবার বৈঠক হয় বলে বিজিবি জানিয়েছে। সীমান্তের মেইন পিলার ৮ এর কাছে বাংলাদেশ অভ্যন্তরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন কর্মকর্তা (অপস) মেজর হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে আটক তিন বাংলাদেশীকে হাজির করে বিএসএফ। তবে তাদের ফেরত দেয়নি। বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটকরা মারধর করে ভারতীয় সীমান্তরক্ষীদের আহত করেছে। তাই তাদেরকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হবে। বিজিবি’র পক্ষ থেকে তাদের ফেরত দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিজিবি তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে একথা জানালে বিএসএফ বলেছে, উচ্চ পর্যায়ে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অপস অফিসার আরো বলেন, বৈঠকে বিজিবি’র ৩০ সদস্যের নেতৃত্বে ছিলেন ৩৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বাছির। অপরদিকে ভারতের ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট মনোজ কুমার সিং তাদের ১২ সদস্যের নেতৃত্ব দেন। এর আগে বৈকারী সীমান্তের নোম্যানসল্যান্ডে দুপুর সাড়ে ১২টা থেকে ১৫ মিনিট বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে ৮ সদস্যের নেতৃত্ব দেন কুশখালী বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান আলী। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কৈজুড়ী ক্যাম্পের ইন্সপেক্টর এস এস নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১৭ ঘ.