২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১৫ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩

গাজীপুর থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর এক ঝুট ব্যবসায়ীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 06:06 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর এক ঝুট ব্যবসায়ীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালীগঞ্জ থেকে সোহেল রানাকে অপহরণ করা হয়। শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ইসলামপুর থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হয়েছেন কালীগঞ্জের বরতৈলের সোহেল মাঝি (৩৫), চাঁনখোলার কাইয়ুম কাজী (২১) ও ঢাকার উত্তরখান এলাকার উজামপুরের মো. সোহেল (২২)। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার টঙ্গীর আরিচপুর এলাকার ঝুট ব্যবসায়ী সোহেলে রানাকে এক ব্যক্তি ঝুট কেনার কথা বলে ফোনে কালীগঞ্জ যেতে বলে। রাত ৯ টার দিকে সোহেল বরতৈল এলাকায় পৌঁছলে ৪-৫ জন যুবক তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর অপহরণকারীরা সোহেলের বাবা নজরুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নজরুল ইসলাম বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাদের গ্রেপ্তার করে। পুরিশ কর্মকর্তা আরো বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর ইসলামপুরের একটি বাড়ি থেকে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়। তার মাথা ও চোখে মারাত্মক জখম রয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এই উপ-পরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৪৬ ঘ.