ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে শনিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে নির্বাচন কমিশন সচিবালয়।
এই উপলক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সকাল ১১টায় এই অনুষ্ঠান হবে বলে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যাতে বিদায়ী সিইসিকে সংবর্ধনা দেওয়া হবে।
পাঁচ বছর আগে ২০০৭ সালের ৫ ফেব্র“য়ারি সিইসির দায়িত্ব নিয়েছিলেন শামসুল হুদা। একই দিন দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকেও একই অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।
এই দুজনের নিয়োগের আট দিন পর নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছিলেন অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
ইসি সচিব মোহাম্মদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান ইসির বিদায় ও নতুন ইসিতে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে ইসি সচিবালয়ের।
বিতর্কের মুখে বিচারপতি এম এ আজিজ নেতৃত্বাধীন ছয় সদস্যের ইসি বিদায়ের পর তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়িত্ব নেয় বর্তমান কমিশন। নবম সাধারণ নির্বাচন সফলভাবে করে এবং ছবিসহ ভোটার তালিকার জন্য প্রশংসা কুড়ালেও এই কমিশনের সমালোচনা রয়েছে বিএনপির।
ইসি কর্মকর্তারা জানান, বিদায়ী কমিশন তাদের মেয়াদে ৪০৩টি সভা করেছেন। এসব সভায় ১ হাজার ১৭টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৯৯৪টি বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়নাধীন রয়েছে ২৩টি।
বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সিইসি শামসুল হুদাও বলেছেন, পাঁচ বছরের অভিজ্ঞতা খুবই সুখকর। তারা ইসিকে প্রাতিষ্ঠানিক রূপ নিতে অনেক কাজ করেছেন, যা রেখে যাচ্ছেন ভবিষ্যতের জন্য।
রাজনৈতিক দলের নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশে ব্যাপক সংস্কার ও নতুন বিধি বিধান প্রণয়ন, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কৃতিত্বও দাবি করে বিদায়ী ইসি।
নিজেদের কাজের মূল্যায়ন করে অবশ্য কিছু বিষয়ে ব্যর্থতাও অকপটে স্বীকার করেন অবসরপ্রাপ্ত সচিব শামসুল হুদা। নির্বাচনের কালো টাকার প্রভাব বন্ধ করতে না পারা এবং ইসির জন্য আলাদা ক্যাডার সার্ভিস চালুর উদ্যোগ সফল না হওয়াকে ব্যর্থতা বলে মানছেন তিনি।
মেয়াদ শেষে এই কমিশনের বিদায়ের প্রেক্ষাপটে নতুন ইসি গঠনে ইতোমধ্যে একটি সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, যে কমিটি পরবর্তী কমিশনারদের নাম তার কাছে প্রস্তাব করবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পরবর্তী কমিশন গঠন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩৩১ ঘ.
bdnews24