২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে মানুষের ঢল বইমেলায়

মাসব্যাপী একুশের বইমেলা শুরুর পর শুক্রবারই ছিল প্রথম ছুটির দিন, তাই ভিড় ছিল অনেক বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরু হওয়ার পর প্রথম ছুটির দিনে একুশের বইমেলায় ছিল উপচেপড়া ভিড়। সাপ্তাহিক ছুটির এই দিনটিতে ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছিলেন মেলায়। শুক্রবার সকাল ১১টায় মেলা শুরু হলেও ভিড় বাড়তে থাকে দুপুরের পর থেকে। দুটি ফটক দিয়ে সারিবদ্ধ হয়ে মেলায় ঢুকতে সবাইকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিন হওয়ায় আজ মেলায় দর্শনার্থীদের সংখ্যা গত দুদিনের চেয়ে অনেক বেশি।” ২০১২ অধিবর্ষ হওয়ায় ফেব্র“য়ারি মাসজুড়ে চলা এই মেলা এবার ২৯ দিন চলবে। ঐতিহ্য প্রকাশনী কর্মকর্তা নাইম বলেন, “আমরা প্রকাশকরা ভাগ্যবান যে আমরা এ বছর ২৯ দিন এবং গত বছরের চেয়ে ছুটির দিন বেশি পাচ্ছি।” মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলের সামনে বিভিন্ন বয়সী মানুষের ভিড়। কেউ বই কিনছেন, কেউ বা দেখছেন। অন্যপ্রকাশ’র স্টলের সামনে কথা হয় ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র তামিম আহমেদের সঙ্গে। হুমায়ূন আহমেদের নতুন বই ‘হিমুর নীল জোছনা’, ‘শুভ্র গেলো বনে’ এবং ‘চাঁদের উপরে জোছনার বাড়ি’ এ তিনটি বই কিনে ফিরছেন তিনি। বই মেলায় এসে ভালো লাগার কথা জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত তিনটি বই কিনলাম। দেখছি ভালো লাগলে আরো কিনব।” নিজের জন্য ছাড়া ছোট বোনের জন্যেও বই খুঁজছেন বলে জানান তানিম। সরকারি চাকরিজীবী শাখাওয়াত হোসেন বলেন, “প্রত্যেক বছরই মেলায় আসি, তবে এবছর মেলায় আজই প্রথম এলাম। এখনো কোনো বই কিনিনি, দেখছি। ফেরার সময়ে কিনব।” গত বছরগুলোর তুলনায় এবার মেলার আয়োজন ভালো বলে তার পর্যবেক্ষণ। পাঠকরা কী ধরনের বই খুঁজছেন- জানতে চাইলে ঐতিহ্যের কর্মকর্তা নাইম জানান, উপন্যাসের পাশাপাশি পাঠকরা বিভিন্ন মননশীল বই খুজছেন। শুক্রবারের মেলায় বড়দের পাশাপাশি অনেক শিশুও ছিল। অনেককেই হাতে বই নিয়ে ফিরতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এমআই/২০০৭ ঘ.