নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাউজিং প্রকল্পের বালু ভরাট করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জাঙ্গীর এলাকায় এ সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগকর্মী তামিম, ইকবাল ও রাতুল।
গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তামিমের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, জাঙ্গীর এলাকায় একটি হাউজিং প্রকল্পে বালু ভরাটের কাজ পান উপজেলা ছাত্রলীগ সভাপতি তাবিবুল কাদির তমাল।
দুপুরে বালু ভরাট কাজে বাধা দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন গ্র“পের মাসুম চৌধুরী অপু ও তার লোকজন।
এ সময় তারা ড্রেজার ভাংচুর করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা ধারালো অস্ত্রসস্ত্র ব্যবহার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি তাবিবুল কাদির তমাল বলেন, জাঙ্গীর এলাকার আনন্দ পুলিশ পল্ল¬ী হাউজিং প্রকল্পে বালু ভরাটের জন্য ড্রেজার বসানো হয়েছিল। সেখানে ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু ও তার লোকজন বাধা দেয় এবং ড্রেজারে ভাংচুর চালায়।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন জানান, পূর্ব পরিকল্পিতভাবেই তাবিবুল কাদির তমাল গ্র“পের লোকজন মাসুম চৌধুরী অপুর অফিসে হামলা ও ভাংচুর চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24