বাগেরহাট, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাড়াচাড়া করার সময় বাগেরহাটে এক ব্যক্তির শটগানের গুলি বের হয়ে গেলে শিশুসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় খুলনা-বাগেরহাট সড়কে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- টাউন নওয়াপাড়া এলাকার রাজা মিঞা (৪০), তার মেয়ে শামছুন্নাহার মিম (৩) ও বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা এলাকার সরদার আব্দুর রব (৪২)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাইসেন্সসহ শটগানটি জব্দ করে অস্ত্রের মালিক মো. কামাল ভুইঞাকে ছেড়ে দিয়েছে।
কামাল উদ্দিন ভুইঞা বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক। বাড়ি ফকিরহাটের পিলজংগ গ্রামে।
ফকিরহাট থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, কামাল ভুইঞার কাছে তুরস্কের তৈরি একটি বৈধ দোনলা এইট শ্যুটার গান (শটগান) আছে।
বুধবার সন্ধ্যায় তিনি গুলিভর্তি আগ্নেয়াস্ত্রটি নিয়ে রাস্তার পাশে একটি ঘরে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত অস্ত্রটি থেকে একটি গুলি বের হয়ে যায়।
এ সময় মোটরসাইকেলযাত্রী আব্দুর রব সরদার, টেম্পুতে থাকা রাজা মিঞা ও তার মেয়ে মিমের গায়ে গুলি লাগে।
এই ঘটনায় পুলিশ ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24