ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নসিমন-করিমন-ইজিবাইক চলাচল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা কঠোরভাবে কার্যকর হবে আগামী তিন মাসের মধ্যে।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ূবুর রহমান খান।
শ্যালো ইঞ্জিনকে ব্যবহার করে টেম্পুজাতীয় গাড়ি তৈরি করে দেশের বিভিন্ন যাত্রী পরিবহন করা হচ্ছে। এই ধরনের যান সড়কে দুর্ঘটনা বাড়িয়ে তুলছে বলে দাবি ভারী যানবাহন চালকের দাবি।
মহাসড়কে শ্যালোইঞ্জিনচালিত এই সব যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা চলে আসছে।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, “পুলিশ বা জেলা প্রশাসন এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে চাপ না দেওয়ায় কাজ হত না।”
বৃহস্পতিবার সভায় ছয়টি সিদ্ধান্ত হয়েছে বলে আইয়ূবুর রহমান জানান।
সিদ্ধান্তগুলো হল- তিন মাসের মধ্যে মহাসড়কের পাশ থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, ঢাকা শহরের প্রবেশ পথ (যাত্রাবাড়ী-কাঁচপুর) বর্জ্য অপসারণ, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অবৈধ দোকান-পাট উচ্ছেদ, মহাসড়কে যানবাহনের ওজন মাপার যন্ত্র স্থাপন করাসহ বর্তমানের চারটি যন্ত্র কার্যকর রাখা।
এছাড়া গাড়ির ফিটনেস পরীক্ষা সঠিকভাবে করার কাজটি তৃতীয় পক্ষের মাধ্যমে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।
তিনি বলেন, সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।
সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬১৭ ঘ.
bdnews24