লক্ষ্মীপুর, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিল নিয়ে লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে নিহত দু’জনের হত্যাকারীদের বিচার দাবি করেছে দলটি।
বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি ও সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, রোববারের হত্যাকাম্ডের প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে পুলিশ ও আওয়ামী লীগের একটি মহল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির ডাকা ২৯ জানুয়ারি দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে লক্ষ্মীপুরে দু’জন নিহত হন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুসহ ১৮১ জন নেতাকর্মীর নামে উল্লেখসহ অজ্ঞাত সাত হাজার জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
এ ঘটনা তদন্তে গঠিত কমিটিকে সাজানো উল্লেখ করে সংবাদ সম্মেলনে সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
আবুল কাশেমের রাজনৈতিক পরিচয়
সংবাদ সম্মেলনে উপস্থিত সেদিন নিহত আবুল কাশেমের ছেলে মো. ইউছুফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমার বাবা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিনা জানি না। আমি চট্টগ্রামে হোটেলে চাকরি করি।”
“ওইদিন তিনি কৃষি ব্যাংককে ঋণ নেওয়ার জন্য লক্ষ্মীপুরে এসেছিলেন,” যোগ করেন তিনি।
গত সোমবার বিএনপির দাবিকে অসত্য উল্লেখ করে তেয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বোরারহান উদ্দিন চৌধুরী বলেন, “নিহত আবুল কাশেম জীবনের শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।”
সেদিন আবুল কৃষি ব্যাংকে ঋণ নেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন বলে বোরহানও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২১ ঘ.
bdnews24