পঞ্চগড়, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবেশপত্র না পাওয়ায় বুধবার পঞ্চগড়ে এক মাদ্রাসা ছাত্রের দাখিল পরীক্ষা দেওয়া হয়নি।
তাহেরুল ইসলাম নামের এই ছাত্র সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বাঁশবাড়ি দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষার্থী ছিলেন।
তাহেরুল ইসলাম জানান, গত বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে তিনি বাংলা, ইংরেজি ও ইতিহাসে অকৃতকার্য হন। এবছর আবার ফরম পূরণ করেন।
কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে ওই মাদ্রাসার সবার প্রবেশপত্র এলেও তারটি আসেনি।
তাহেরুল জানান, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোজাহারুল ইসলাম ও শিক্ষক রশিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে আজ কাল করে তারা সময়ক্ষেপণ করেন।
পরীক্ষার আগের দিন (মঙ্গলবার) এই দুই শিক্ষক তাহেরুলকে পরীক্ষা কেন্দ্রেই প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দেন।
বুধবার সকালে শিক্ষক রশিদুল ইসলাম তাকে পরীক্ষা কেন্দ্রে যেতে বলেন। কেন্দ্রে গেলে তার কাছে দুটি পাসপোর্ট সাইজের ছবি চান। কিন্তু ছবি দিলেও তার আর পরীক্ষা দেওয়া হয়নি।
এ ব্যাপারে জিজ্ঞেস করলে তাহেরুলকে বলা হয়, ঢাকায় কেউ ফোন ধরছে না।
পরীক্ষা কেন্দ্রের সচিব আবদুর রহমান বলেন, গত ৪ জানুয়ারি কেন্দ্রের ৪৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে তাহেরুল বাদে অন্য সবার প্রবেশপত্র আসে। এ বিষয়টি ওই মাদ্রাসার সুপারকে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কী কারণে তারা ব্যবস্থা নেয়নি, সেটা তারাই ভালো বলতে পারেন।
এ ব্যাপারে মাদ্রাসা সুপার মোজাহারুল ইসলাম বলেন, তাহেরুলের বিষয়টির পুরো দায়িত্ব ছিল রশিদুল ইসলামের উপর।
রশিদুল ইসলাম বলেন, “বোর্ডে আমরা আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম। আজ (বুধবার) প্রবেশপত্র আসার কথা ছিল। কিন্তু কী কারণে এল তা বুঝতে পারছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24