২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ডাকাত সন্দেহে পুলিশকে পিটুনি

ডাকাত সন্দেহে ঢাকার ধামরাইয়ে পাঁচ পুলিশকে পিটিয়ে আহত করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

সাভার, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে ঢাকার ধামরাইয়ে পাঁচ পুলিশকে পিটিয়ে আহত করেছে গ্রামবাসী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের কুলা ইউনিয়নের বাড়িল্লা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় ধামরাই থানা পুলিশ। আহতরা হলেন- ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম খান, নায়েক নুরুল ইসলাম, কনস্টেবল মজিদ, আমিনুল ও খায়রুল। তাদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ধামরাই থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়িল্লা গ্রামে একটি মামলার আসামি বিনয় সরকারকে ধরতে যায় পুলিশের দলটি। “তাকে গ্রেপ্তার করে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আসামি বিনয় ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘর থেকে বেড়িয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।” ধামরাই থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া বিনয় সরকার ধামরাই থানা হাজতে রয়েছে। ধামরাই উপজেলার কুল¬া ইউনিয়নের চেয়ারম্যান কালিপদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুলা ইউনিয়নে ডাকাতের উৎপাত বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী ডাকাত প্রতিরোধে নিজেরাই ব্যবস্থা নিয়েছে। ঘটনার সময় এলাকাবাসী ডাকাত ভেবেই পুলিশের ওপর হামলা করেছে। তিনি দাবি করেন, পুলিশের হামলায় এলাকার সাগর, বিপুল, দুলাল, আলম, রতন আহত হয়েছে । পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে বলে জানান তিনি। গত বছরের ১৮ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। ওই বছরই নোয়াখালীতেও ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৩৫ ঘ.