লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের সঙ্গে লড়াই চললেও থেমে নেই হুমায়ূন আহমেদের কলম। এবার একুশের বইমেলায় জনপ্রিয় এই কথাসাহিত্যিকের সাতটি বই আসছে।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০ জানুয়ারি লেখকের সিটি স্ক্যান করার কথা থাকলেও তা হয়নি। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি।
“চিকিৎসার বিষয়ে আমরা আশাবাদী। সিটিস্ক্যানের প্রতিবেদন দেখেই চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে”, বলেন শাওন।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি।
নিউ ইয়র্কের কুইন্সে একটি বাসা ভাড়া করে সেখানেই থাকছে হুমায়ূন পরিবার। গত ২১ জানুয়ারি অষ্টম কেমো থেরাপি শেষে চিকিৎসকরা তার সিটিস্ক্যানের পরামর্শ দেন।
একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকেফাঁকেই লেখা চালিয়ে যাচ্ছেন বলে তার স্ত্রী জানান।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই কিছুদিন আগে ৬৩ বছর বয়সী এই লেখককে জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখির জন্য সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন, পান বাংলা একাডেমী পুরস্কার।
তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২০ ঘ.
bdnews24