সিরাজগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকা থেকে ১০টি কঙ্কালসহ এক চিকিৎসককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই চিকিৎককে আটক করা হয়।
আটক মো. তানভীর চলতি বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন বলে র্যাব ১২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এ টি এম আনিসুজাজামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের বাসটিতে তল্লশি চালায়। এ সময় তানভীরের কাছে থাকা দুটি কালো ব্যাগের মধ্যে ১০টি কঙ্কাল পাওয়া যায়।”
তানভীল কঙ্কালগুলো ‘অবৈধভাবে’ রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন এই র্যাব কর্মকর্তা।
আনিসুজাজামান বলেন, “কঙ্কালগুলো ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা এগুলোর উৎস খোঁজার চেষ্টা করছি।”
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৪১৭ ঘ.
bdnews24