২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতীরে ৭ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি উপজেলায় নদীর পাড়ে দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাইবান্ধা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি উপজেলায় নদীর পাড়ে দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সাঘাটার মুন্সিরহাট থেকে সাবেক ফুলছড়ি উপজেলা সদর পর্যন্ত ভাঙন কবলিত ব্রহ্মপুত্র ও যমুনার নদীর সাত কিলোমিটার এলাকার এ মানববন্ধনে নারী-পুরুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘ভাত চাই না, কাপড় চাই না, নদী ভাঙন থেকে রক্ষা কর’ স্লোগানে সাঘাটা নদী ভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংহতি জানান গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। অন্যদের মধ্যে অধ্যাপক মো. ফারুকুল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সাঘাটার ইউপি চেয়ারম্যানদের মোশাররফ হোসেন সুইট, ভরতখালীর ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান মঈন প্রধান লাবু, জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান, কচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম দুলু প্রমুখ মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় সাংসদকে তারা একটি স্মারকলিপি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৪৮ ঘ.