রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকদের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে স্বাধীন শিক্ষক নেটওয়ার্ক ব্যানারে শিক্ষকদের ওই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখারও দাবি জানানো হয়।
এ ছাড়া শিক্ষক নেতারা বুধবার প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলাকারী সহকারী কমিশনারসহ ক্যাম্পাসে অবস্থিত পুলিশ সদস্যদের প্রত্যাহার ও ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
বুধবার প্রশাসন ভবনের সামনে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। এ সময় ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট ও বাসদের অন্তত সাত নেতাকর্মী আহত হন। আটক করা হয় পাঁচ জনকে।
পাশাপাশি ২ অক্টোবরের ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ঘটনায় ছাত্রলীগের ক্যাডারদের প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনার পর শিক্ষামন্ত্রীর বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন, আব্দুল্লাহ আল মামুন, কাজী মামুন হায়দার, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের অধ্যাপক কাজী শুসমিন আফসানা, শায়লা তাসমীন, ফোকলোর বিভাগের সুস্মিতা চক্রবর্তী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আলী রেজা অপু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৫ ঘ.
bdnews24