ভোলা/নোয়াখালী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় জেলা নোয়াখালী ও ভোলার ওপর দিয়ে বুধবার রাতে বয়ে যাওয়া ঝড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে।
ঝড়ে ভোলার মনপুরা, চরফ্যাশন এবং নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ শতাধিক জেলে ও অর্ধশতাধিক মাছধরা নৌকা নিখোঁজ রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
নোয়াখালীতে ঝড়ে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে হাতিয়ায় ১০ জন, কোম্পানীগঞ্জে চারজন এবং সুবর্ণচরে মারা গেছেন দুজন।
ভোলায় ঘরচাপায় দুজন এবং পানিতে ডুবে তিনজন মারা গেছেন।
বঙ্গোপসাগরের হাতিয়া-সন্দ্বীপ সংলগ্ন এলাকায় একটি মৌসুমী নিম্নচাপের কারণে এই ঝড় বয়ে যায় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। নি¤œচাপটি বৃহস্পতিবার সকালে স্থলভাগ অতিক্রম করেছে।
হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত ১১টার দিকে থেকে শুরু হয় ঝড়।
“টানা ভোর পর্যন্ত এ ঝড়ে গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়েছে। এতে হাতিয়ার সঙ্গে সদর ও নিঝুম দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে,” বলেন তিনি।
হাতিয়ায় নিহতরা হলেন- জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের সীমা আক্তার (১২), মামুন উদ্দিন (১০), ৫নং ওয়ার্ডের মৃত হাসমত আলীর স্ত্রী মরজা খাতুন (৬০), ৫নং বিরবিরি এলাকার মোহছেনা খাতুন (৬০), বাকের হোসেন, তমরদ্দি ইউনিয়নের আঠার বেকী গ্রামের ব্রজলাল মাঝি (৫০), বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের খুকি আক্তার (৪), চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের রাজশ্রী বালা দাস (৭০), গামছাখালী গ্রামের সুমাইয়া আক্তার (২), নলচিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিয়াউল হকের ছেলে আরিফ (১০), নঙ্গলীয়ার চরের সুলতান মিয়া ও বেলাল হোসেনসহ (৫০)।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে ইউএনও জানান।
হাতিয়ার চেয়ারম্যান ঘাটে গ্রামীণফোনের একটি টাওয়ার ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জনিয়েছেন, উপজেলার বাবনী নদীতে চার জেলের লাশ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়ি চর এলাহীর গাংচিলে।
মৃত নুরুল আমিনের ছেলে নূর ইসলাম (৫০), শামছুল আলম ড্রাইভারের ছেলে আমির হোসেন (৩৬), জামাল উদ্দিন মাঝির ছেলে ইলিয়াছ বাবুল (২২) ও রিয়াজ (২৫)।
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর কনকের হাবিবুর রহমানের স্ত্রী নূর জাহান (৬০) এবং আবুল কাশেমের মেয়ে শারমিন আক্তার (১১) নিহত হন।
নিঝুম দ্বীপের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ পার্টি জানান, ঝড়ে তার এলাকায় ৫ শতাধিক ঘর ধসে পড়েছে।
ভোলা জেলা প্রশাসন জানিয়েছে, ঝড়ে আট শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় দুইশ জেলে নিখোঁজ রয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গম ঢালচর, চর কুকরি মুকরি ও চর পাতিলায় বুধবার রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত ঝড়ে কমপক্ষে চার শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
ঢালচরে ঘরচাপায় আমেনা বেগম (২৬) নামের এক গৃহবধু ও রায়হান (৩) নামের এক শিশু মারা গেছে। এছাড়া নদী থেকে সাকিব (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে বলে ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানিয়েছেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের বরাত দিয়ে চরফ্যাশন ইউএনও জানান, চরফ্যাশনের শতাধিক মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে।
মনপুরার শতাধিক মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে বলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, সকালে মনপুরা সংলগ্ন মেঘনা থেকে আবদুল খালেক (৪০) ও শাহে আলম (৩৬) নামের দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
ইউএনও জানান, ঝড়ে মনপুরায় কমপক্ষে চার শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। মনপুরা ঘাটে ২৫ মেট্রিক টন সারসহ একটি ট্রলার ডুবে গেছে। মনপুরা ঘাটে নোঙর করা একটি সি ট্রাক কয়েক কয়েক কিলোমিটার দূরে ভেসে গেছে।
দুই উপজেলার ইউএনও জানান, ঝড়ে রাস্তার ওপর অসংখ্য গাছ পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। দুই উপজেলায় অনেক মানুষ এখন খোলা আকাশের নিচে রয়েছে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি জানান, ঝড়ের কবলে পড়া দুটি মাছধরা ট্রলার ২১ জন জেলেসহ নিখোঁজ রয়েছে।
এফবি শাহীন-২ নামের ট্রলারের মালিক আমির হোসেন এবং এফবি নাফিজ নামের ট্রলারের মালিক মোহাম্মদ ছিদ্দিক বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় নিখোঁজের তথ্য জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন।
কক্সবাজার সদর থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীন-২ এ ১৬ জন জেলে ছিলেন। বুধবার রাতে ট্রলারটি ডুবে যায় বলে জিডিতে বলা হয়েছে।
নাফিজ নামের ট্রলারের ছয় জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিক জিডিতে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এফএ/এমআই/২১০৪ ঘ.
bdnews24