২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিক নেতাদের বক্তব্যে তদন্তের ক্ষতি’

সাংবাদিক নেতারা সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলার পর প্রতিক্রিয়া জানালেন মহীউদ্দীন খান আলমগীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নেতাদের বক্তব্য সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকা-ের তদন্তকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার ঈদ ও পূজা উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছিলেন সাংবাদিক নেতারা। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ হত্যা মামলার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। তদন্ত সম্পন্ন হওয়ার আগেই এমন মন্তব্য ইতিবাচক ভূমিকার স্বাক্ষর বহন করে না। এতে বরং তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি জানান, সাংবাদিক দম্পতি হত্যাকা-ের তদন্ত চলছে, এখনো তা শেষ হয় নি। এ তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার প্রায় আট মাসের মাথায় মঙ্গলার ওই ঘটনায় জড়িত সন্দেহভাজন সাতজনকে ‘সনাক্তের’ পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গ্রেপ্তার সাতজনের মধ্যে সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীর ছাড়াও তাদের বাড়ির এক পাহারাদার রয়েছেন। বাকি পাঁচজন হলেন ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। হত্যারহস্য উদ্ঘাটনে র‌্যাব ডিএনএ নমুনা পরীক্ষা করছে এবং তাতে পাওয়া ফলাফলে নতুন কেউ চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী। বুধবার জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে মন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সাংবাদিক নেতারা মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনেকাংশে অস্পষ্ট ও বিভ্রান্তিকর। এ বক্তব্যে হত্যা রহস্যের জট খোলেনি। নেতৃবৃন্দ আশা করছে, সাগর-রুনির প্রকৃত খুনিরা দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত হবে।” সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে সাংবাদিকদের চার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে রামুর বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক থেকে তিন লাখ করে টাকা দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, রামুর ঘটনায় মূল হোতা মুক্তাদিরকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে আরও যাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির মেরামত ও সংস্কারে অর্থের যোগান দেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি মন্দিরে এক কোটি টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। শুধু ক্ষতিপূরণ নয়, এ অর্থ দিয়ে মন্দিরের উন্নয়নও করা হবে।” সরকারি হিসেব অনুযায়ী ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দিরের সংখ্যা ২৭টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এসইউ/১২৫২ ঘ.