২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানক আসবেন বলে

গাজীপুরে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে স্কুলশিশুদের যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘসময় অভুক্ত থাকার অভিযোগও করেছে ওই শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় নামানো যাবে না- শিক্ষা মন্ত্রণালয়ের এই রকম নির্দেশের পরও এই ঘটনা ঘটেছে গাজীপুরে এবং তা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের জন্য। বুধবার বিকালে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কুমুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ময়েজউদ্দিন আহমেদের স্মরণ সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। আর প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় অন্তত সাতটি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিকালে স্কুল ছুটির পর বাড়িতে ফিরতে না দিয়ে ওই অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের শিক্ষকদের নেতৃত্বে বিভিন্ন ব্যানার নিয়ে দূর পথ হেঁটে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। ক্ষুধার্ত শিশুদের সভাস্থলের আশপাশের বিভিন্ন দোকানে খাবার ও পানির জন্য ভিড় করতেও দেখা গেছে। আতুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, “সাময়িক পরীক্ষা শেষে বাড়ি ফিরতে না দিয়ে স্যাররা সভায় নিয়ে এসেছেন।” স্মরণসভার আয়োজকরা জানায়, ভাওয়াল বাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আতুরী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালনী আদর্শ ফাজিল মাদ্রাসা, হাতিয়াবন্দা মাদ্রাসাসহ আশপাশের কিন্ডার গার্টেনের অন্তত সাত শতাধিক শিক্ষার্থী ওই স্মরণসভায় অংশ নেয়। ভাওয়াল বাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক নাজমুল ইসলাম এর প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতারা দেশ গড়ার জন্য বড় বড় বক্তব্য দেন। কিন্তু এই কোমলমতি শিশুদের সারাদিন পাঠদান শেষে না খাইয়ে এই স্মরণসভায় এনে দাঁড় করিয়ে ও বসিয়ে রাখা হল।” স্থানীয় এক স্কুলশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আয়োজকরা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছিল। এজন্য খাবারের ব্যবস্থা করা হলেও তা অপ্রতুল ছিল বলে দাবি করেন তিনি। স্মরণসভা আয়োজক কমিটির সভাপতি ও বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব শিক্ষার্থীদের অনুষ্ঠানে আনার বিষয়টি স্বীকার করেন। “বিদ্যুত সংযোগসহ স্কুলের বিভিন্ন দাবি-দাওয়া জানানোর জন্যই শিক্ষার্থীরা সভায় অংশ নেয়,” বলেন তিনি। বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব আরো বলেন, “শিক্ষার্থীদের টিফিন করানোর জন্য প্রতিটি স্কুলকে দুই হাজার টাকা করে দেয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১৩ ঘ.